এবারের উৎসবের মূল সুর বিশ্ব-রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালি ভালুক জেতা ইতালীয় পরিচালক জিয়ানফ্রাংকো রোসির ফায়ার অ্যাট দ্য সি ছবির দৃশ্য
সোনালি ভালুক জেতা ইতালীয় পরিচালক জিয়ানফ্রাংকো রোসির ফায়ার অ্যাট দ্য সি ছবির দৃশ্য

দুটো কারণে বার্লিন উৎসব কান ও ভেনিস চলচ্চিত্র উৎসবের চেয়ে আলাদা। প্রথমত, দর্শকসংখ্যার দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসব। এবারে টিকিটই বিক্রি হয়েছিল তিন লাখের ওপরে। দ্বিতীয়ত, প্রদর্শিত ছবিগুলোর মধ্য দিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসব নিজের একটি রাজনৈতিক চরিত্র প্রতিষ্ঠা করেছে। তর্ক তোলা সেসব ছবি অবশ্য মূল প্রতিযোগিতায় থাকে না। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরেও এ উৎসবের প্রদর্শনী বিভাগ ছিল ১২টি। সারা বিশ্ব থেকে আসা প্রায় ৪০০টি ছবি এবার এখানে দেখানো হয়েছে। এসব ছবির ৯০ শতাংশ হয় অবাণিজ্যিকভাবে, নয়তো স্বল্প খরচে তৈরি ‘ইনডিপেনডেন্ট ফিল্ম’। বেশির ভাগ ছবিই রাজনৈতিক। শুধু কি রাজনৈতিক? অত্যন্ত ঝাঁজাল ও প্রগতিশীল।
১৮টি ছবির মধ্যে লড়াই শেষে এ বছর শ্রেষ্ঠ ছবির জন্য সোনালি ভালুক জিতে নিল ইতালীয় পরিচালক জিয়ানফ্রাংকো রোসির ফায়ার অ্যাট দ্য সি। নন্দিত মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ তাঁর নাম পুরোপুরি ঘোষণা করার আগেই উৎফুল্ল দর্শকের করতালিতে হল ফেটে পড়ল। বার্লিন চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এত বেশি সংখ্যায় মানসম্পন্ন ছবি এর আগে খুব কমই দেখা গেছে।
এ উৎসবে প্রামাণ্যচিত্রে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সব নিয়ম ভেঙে ৬০ বছর পর এবার একটি প্রামাণ্যচিত্র শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল। এ থেকেই বোঝা যায়, উৎসবটিকে আরও উন্মুক্ত করার জন্য কর্তৃপক্ষের আগ্রহের কোনো ঘাটতি ছিল না।
ফায়ার অ্যাট দ্য সি ছবির বিষয় এ সময়ের সবচেয়ে বড় সমস্যা অভিবাসন। ইউরোপে বিশ্বের নানা জায়গা থেকে শরণার্থীর ঢল নেমেছে, মানুষের সেই সীমাহীন দুর্ভোগের জলজ্যান্ত প্রকাশ এই ছবিটি। ছবিটি নির্মাণের জন্য ইতালির লাম্পেদুসা দ্বীপে গিয়ে রোসি ১৮ মাস শরণার্থীদের সঙ্গে বসবাস করেন। মৃত্যুপথযাত্রী মানুষের অন্তিম মুহূর্তগুলো খোলাখুলি দেখানোর কারণে তাঁর সমালোচনাও কম হয়নি। তিনি শুধু বলেছেন, আমি তাই দেখিয়েছি, যা ঘটেছে। রোসি নিজেও শৈশবে শরণার্থী হয়ে ইতালিতে এসেছিলেন। তাঁর জন্ম উত্তর আফ্রিকার ইরিত্রিয়ায়।
এবার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন ফ্রান্সের মিয়া হানসেন-লোভ, তাঁর ছবি থিংস টু কাম-এর জন্য। এতে অসাধারণ অভিনয় করেছেন অভিনেত্রী ইসাবেল উপের। ছবিটির কাহিনি এক স্বামী-পরিত্যক্ত দর্শনের শিক্ষিকাকে ঘিরে, যিনি বার্ধক্যের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে চলেন। ইনহেব্বেক হেদি ছবির জন্য প্রথম ছবির পরিচালক হিসেবে পুরস্কার পান তিউনিসিয়ার তরুণ নির্মাতা মুহাম্মেদ বিন আতিয়া। বিপ্লবোত্তর পোল্যান্ডের চার নারীর মর্মস্পর্শী স্বপ্নভঙ্গের গল্প লিখে ইউনাইটেড স্টেট অব লাভ-এর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হন তোমাস ভাসিলিয়েভস্কি।
উৎসবের সব কটি বিভাগেই চলচ্চিত্র নির্মাতারা তুলে ধরেছেন এ সময়ের বিরূপ রাজনৈতিক পরিস্থিতি এবং শক্তির অনাচারে বিপর্যস্ত মানুষের বেদনাময় অভিজ্ঞতার কথা।
চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি এ উৎসবে ছিল বহু সেমিনার। চলচ্চিত্রের প্রেক্ষাপটে সেগুলোতে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিদ্বিষ্ট বিশ্বপরিস্থিতির দিকে।