এবিসি রেডিওতে আজ 'সালমান শাহ'

দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল মৃত্যুর। তবু কি এতটুকু ম্লান হয়েছে তাঁর স্মৃতি? একটুও না। সালমান শাহর প্রতি ভক্তদের এই অফুরন্ত ভালোবাসা আর তাঁর জীবনের নানা অজানা গল্প উঠে আসবে আজ এবিসি রেডিওর মেনটস বাত্তি জ্বালাও ‘সালমান শাহ স্পেশাল’-এ।
আজকের অনুষ্ঠানে থাকবেন চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দিয়েই সালমানের অবিশ্বাস্য এক যাত্রা শুরু হয়েছিল চলচ্চিত্রে। মাত্র চার বছরেরও কম সময়ের অভিনয়জীবন দিয়েই সালমান যেন চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে।
রাজীব হাসান ও আজমেরি লিমির উপস্থাপনায় মেনটস বাত্তি জ্বালাও প্রচারিত হয় প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত। আজকের বিশেষ পর্বটিও নিয়মিত এই সময়ে প্রচারিত হবে।
তা ছাড়া এবিসি রেডিওর এই আয়োজনের পাশাপাশি এফডিসিতেও প্রয়াত এই চলচ্চিত্র তারকাকে স্মরণ করা হবে। সেখানে আজ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ‘সালমান শাহ স্মৃতি পরিষদ’। এই সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২৯ সেপ্টেম্বর এফডিসিতে ঘটা করে তারা সালমান শাহর জন্মদিনও পালন করবে।