এবিসি রেডিওতে নতুন প্রজন্মের দেশের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিসি
এবিসি

অনেক তরুণ-তরুণীই গান লিখছেন, সুর করছেন এবং গান গাইছেন। কিন্তু নতুন প্রজন্মের নতুন গান প্রকাশে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না তাঁরা। এমন সৃজনশীল তরুণ-তরুণীদের জন্য দারুণ এক উদ্যোগ নিয়েছে এবিসি রেডিও। নাম ‘তোমার গানে দেখিয়ে দাও’। তরুণ ও প্রতিভাবান শিল্পীরা তোমার গানে দেখিয়ে দাও কার্যক্রমে অংশ নিয়ে তাঁদের সৃষ্টিকর্ম পাঠিয়ে দিতে পারবেন এবিসি রেডিওর কার্যালয়ে। সারা দেশ থেকে পাওয়া এসব গান থেকে বাছাই করে নির্বাচিত করা হবে সেরা পাঁচটি দেশের গান। আগামী ২৬ মার্চ গান পাঁচটি প্রকাশ করা হবে এবিসি রেডিওতে। পুরো আয়োজনটিতে সহায়তা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

আগ্রহী তরুণেরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের সৃষ্টিকর্ম মেইল করতে পারেন [email protected] ঠিকানায়। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির সহায়তায় এর আগে ১৬ জন মুক্তিযোদ্ধার সন্তান বা স্বজনদের কথা নিয়ে এবিসি রেডিওতে অনুষ্ঠিত হয় ‘রবি দেখিয়ে দাও বাংলাদেশ’। গত বছরের ১৫ থেকে ৩০ ডিসেম্বর এবিসি রেডিওতে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত অনুষ্ঠানটি প্রচার করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা শোনান তাঁদের মুক্তিযোদ্ধা স্বজনের কাছ থেকে শোনা সেই সময়কার গল্প।