এবিসি রেডিওতে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এবিসি রেডিও দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ (২৪ বৈশাখ) দুপুর সাড়ে ১২টায় ‘ক্যাম্পাস ক্যাম্পাস’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সুরের ধারার শিক্ষার্থীরা। সাতচল্লিশের দেশ বিভাগের পর গত শতাব্দীর ষাটের দশকে এই বাংলায় রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়। এরপর বিশ্বকবি তর্কাতীতভাবে ছড়িয়ে পড়েন প্রতিটি বাঙালির সত্তায়। এ বিষয়টি উঠে আসবে ‘তোমারই অসীমে’ অনুষ্ঠানে। প্রচারিত হবে বেলা সাড়ে তিনটায়। রবীন্দ্রনাথের সুর-ভাবনায় লোক-মানস ও গানের প্রভাব নিয়ে থাকছে ‘লোকগানের সুরে...’। প্রচারিত হবে রাত ১১টায়।২৫ বৈশাখ (৮ মে) ভোর ছয়টায় থাকবে রবীন্দ্রনাথের জন্ম-অর্জন-জীবনাবসান নিয়ে ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’। বাংলার বিপ্লবীদের প্রাণে রবীন্দ্রনাথের স্থান নিয়ে থাকবে ‘আমি তোমায় ভালোবাসি’। প্রচারিত হবে বেলা তিনটায়। গীতাঞ্জলি অনুবাদ হয়েছে নানা ভাষায়। গানে গানে সেই গল্পই থাকছে ‘গীতাঞ্জলি: সংস অব অফারিং’ অনুষ্ঠানে। প্রচারিত হবে রাত সাড়ে নয়টায়। রাত ১১টায় থাকছে শিরোনামহীন ব্যান্ডের পরিবেশনায় রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান ‘নিশিদিন মোর পরানে’।