এবিসির চারে পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পেরিয়ে চার বছরে পা রাখতে যাচ্ছে এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২। ৭ জানুয়ারি এবিসির তৃতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে ১ জানুয়ারি থেকেই এবিসিতে প্রচারিত হচ্ছে সাত দিনের আনন্দ উৎসব। গত তিন বছরে এবিসিতে প্রচারিত সবচেয়ে শ্রোতাপ্রিয় অনুষ্ঠান, ব্যান্ড ও বাছাই করা লাইভ গান আর গল্প-আড্ডার মিশেলে চলছে এ উৎসব।বাংলাদেশে এফএম বেতারের যাত্রা খুব বেশি পুরোনো নয়। এর মধ্যেই গড়ে উঠেছে বেশ কটি এফএম বেতারকেন্দ্র। ‘জন্মলগ্ন থেকেই এবিসির উদ্দেশ্য ছিল তথ্য-বিনোদনের অয়োজন ও উপস্থাপনায় ‘নিজস্বতা’ প্রতিষ্ঠা করা। তাই আর সব এফএম স্টেশনের মতো গতানুগতিকতায় গা না ভাসিয়ে বরং যে পথে কেউ হাঁটেনি সেই পথেই হেঁটেছে এবিসি এবং তিন বছরের মধ্যে ঠিকই স্বতন্ত্র জায়গা করে নিয়েছে,’ বলছিলেন এবিসির অনুষ্ঠান ও বার্তাপ্রধান সানাউল্লাহ।টিভি, মোবাইল, ওয়েব নিউজ পেপার —এদের সঙ্গে পাল্লা দিয়ে সর্বশেষ খবর সবার আগে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবিসি। দক্ষ সাংবাদিকদের একটি টিম কাজ করছে এখানে।এরপর এবিসির জ্যেষ্ঠ কথাবন্ধু কিবরিয়া শোনালেন তাঁদের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের কথা। ‘প্রতি ঘণ্টার সর্বশেষ খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক, উদ্যমী নারীদের জীবনজয়ের গল্পগাথা, রাস্তায় যান চলাচলের তথ্য, শেয়ারবাজারের লেনদেনের খবরসহ সব বয়সী শ্রেণী-পেশার মানুষের জন্য আয়োজন থাকে এবিসি রেডিওতে,’ বললেন কিবরিয়া। কিবরিয়ার কাছ থেকে আরও জানা গেল, এই প্রথম রেডিওতে গিটার শেখায় এবিসি। প্রতি মঙ্গলবার রাত ১১টা থেকে দুইটা পর্যন্ত কথাবন্ধু সাজ্জাদ আরেফিন ও তাঁর দুই ছাত্র পিকআপ ও কিকআপ থাকেন এ অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, রেডিওতে সিনেমাও দেখায় এবিসি। ‘ডাবল এক্সপোজার’ নামের এ অনুষ্ঠানে থাকে দেশি-বিদেশি বিখ্যাত সব চলচ্চিত্র নিয়ে সরস আড্ডা। আর টক শোকে যাঁরা টেলিভিশনের নিজস্ব অনুষ্ঠান বলে মনে করেন তাঁদের জানাই রেডিওতেও টক শো সম্ভব। এবিসির টক শো-ভিত্তিক অনুষ্ঠান ‘মিঠা কড়া’ এখন দারুণ জনপ্রিয়। এ ছাড়া ভার্চুয়াল জগতের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘সোনার কাঠি রুপার কাঠি’, হিন্দি গানের আয়োজন নিয়ে ‘হিন্দি হিটস’, রকের দুনিয়ায় ভাসতে ‘রক অব এজেস’, নস্টালজিয়ায় হারাতে ‘ল্য ক্ল্যাসিক’, বিশ্ব-্বমাতানো গান নিয়ে ‘টানেল অব মিউজিক’, বুদ্ধির খেলায় অংশ নিতে ‘গোলকধাঁধা’, শব্দ নিয়ে সরব আয়োজন ‘শব্দ গল্প দ্রুম’, বাল্যবন্ধু সাহেদের সঙ্গে ‘ক্যাফে লাইভ’, শেষ বিকেলের রাস্তার হালহকিকত নিয়ে ‘বেহাল চৌরাস্তা’, ইয়ার্কি আড্ডায় কিবরিয়ার সঙ্গে ‘ক্যাফে ৮৯ দশমিক ২’, ক্যাম্পাসের বৈচিত্র্যময় জীবন নিয়ে ‘ক্যাম্পাস ক্যাম্পাস’, মুডের সঙ্গে মিলিয়ে ‘মুডস অ্যান্ড মেলোডি’ এবং ‘হ্যাঁ ভাই’ খ্যাত মাজহারুল ইসলামের সঙ্গে ‘সিনেমাতাল’ও কম জনপ্রিয় নয়। এবিসি কখনোই আপন সংস্কৃতিকে ভুলতে চায় না। তাই এবিসির অনুষ্ঠানের তালিকায় থাকে লোকসংগীতের শিকড়সন্ধানী আয়োজন ‘হাওয়া বদল’। আর থাকে রবীন্দ্র-নজরুলসহ পঞ্চকবির গান। এবিসি সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখেই অনুষ্ঠান সাজায়। একই অনুষ্ঠানে পাঁচমিশালি গান না বাজিয়ে বরং রক, ক্ল্যাসিক, হিন্দি, ইংরেজি ও বাংলা সিনেমার গান নিয়ে আলাদা আলাদা আয়োজন করে থাকে।নতুন বছরের অনুষ্ঠানমালায় আরও বৈচিত্র্য আনতে চায় এবিসি—এমনটাই জানালেন সানাউল্লাহ, ‘আমরা শুরু থেকেই এফএম রেডিওর সংস্কৃতিতে একটি নিজস্ব ধারা নিয়ে এসেছি। এই নিজস্বতা সামনের দিনগুলোতেও বজায় রাখতে চাই। সেই সঙ্গে আমরা চাই শ্রোতাদের আরও কাছাকাছি থাকতে। সে জন্য বছরের ৩৬৫ দিনই ২৪ ঘণ্টা খোলা রাখছি www.abcradiobd.fm এই অনলাইন ঠিকানা। আমাদের কাভারেজ এলাকার বাইরের শ্রোতারা যেকোনো সময় এই ওয়েবসাইট থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন।’অতএব, পাঠক বন্ধুরা, এবিসির সঙ্গেই থাকুন।