এবিসির তিন দিনের ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে ঘিরে এবার তিন দিনের বিশেষ আয়োজন থাকছে এবিসি রেডিওতে। ঈদের দিন থেকে শুরু হবে এই অনুষ্ঠানের সম্প্রচার। সকাল আটটা থেকে রাত দুইটা পর্যন্ত টানা চলবে শ্রোতাদের সঙ্গে এবিসি রেডিওর ঈদ উদ্যাপন।
এবিসির নিয়মিত আয়োজন ‘গুড মর্নিং বাংলাদেশ’-এ এবার লাগবে ঈদের ছটা। প্রতিদিন সকাল আটটা থেকে শুরু হবে এ অনুষ্ঠান। নাভীদ মাহবুবের এই অনুষ্ঠানে ঈদের দিনে অতিথি হয়ে আসবেন লেখক শাহরিয়ার শরীফ। ঈদের তৃতীয় দিন পর্যন্ত থাকছে ‘গুড মর্নিং বাংলাদেশ’-এর ঈদ নিয়ে বিশেষ আয়োজন। এ ছাড়া ৭ জুলাই সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানের ২০০তম পর্ব। এ নিয়েও থাকবে বিশেষ আয়োজন।
ঈদের দিন বেলা ১১টায় শুরু হবে আরজে কায়নাতের সঙ্গে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আমার প্রথম ঈদ’। এতে বিয়ের পর প্রথম ঈদ কিংবা বাবা-মা ছাড়া প্রথম ঈদের মতো স্মৃতিগুলো শ্রোতাদের শোনাবেন আমন্ত্রিত অতিথিরা। একই দিন বেলা দুইটায় শুরু হবে ‘মিডিয়া শো’। এতে ঈদের তিন দিনই আমন্ত্রিত অতিথিরা নানা বিষয়ে আড্ডা দেবেন। অভিনেত্রী ইশানা, পরিচালক আশফাক নিপুণ, আবিরসহ আরও অনেক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বরা অংশ নেবেন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে কাশফিয়া, সমন্বয় ও কায়নাত।
এ ছাড়া ঈদের পরদিন বিকেল চারটায় থাকছে ‘থ্রি মাসকিটিয়ার্স’ নামের এক বিশেষ আয়োজন। এবিসি রেডিও ৮৯.২ এফএমের তিন তারকা আরজে হৃদয় খান, লিংকন ও রাফা একই সঙ্গে উপস্থিত থাকবেন এতে।
‘এবিসি লাইভ অ্যান্ড লাউড’ নামে একটি বিশেষ অনুষ্ঠান থাকছে ঈদের তিন দিন। প্রতিদিন রাত নয়টায় শুরু হবে এই অনুষ্ঠান। ঈদের দিন ‘লাইভ অ্যান্ড লাউড’-এ থাকবে ব্যান্ড ‘অর্থহীন’। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও জনপ্রিয় দুটি ব্যান্ড একই সময়ে অংশ নেবে এই অনুষ্ঠানে।
এর পাশাপাশি ঈদকে ঘিরে এবিসি রেডিওর জনপ্রিয় সাপ্তাহিক অনুষ্ঠানগুলোও বিশেষভাবে সাজানো হয়েছে। আরজে কিবরিয়ার ‘হ্যালো ৮৯২০’, ‘ডর’, ‘মেনটস বাত্তি জ্বালাও’ আর আরজে শারমিনের সঙ্গে ‘প্রেমরোগ’ থাকছে নিয়মিত সময়েই।