এবিসির মনমাতানো কনসার্ট
এ সময়ের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক ও ক্রিপটিক ফেইটের অংশগ্রহণে গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো এক অনবদ্য লাইভ কনসার্ট। এর মধ্য দিয়ে প্রাণের আনন্দে মেতে উঠেছিলেন কনসার্টে উপস্থিত এ, বি, সি (তিনটি ব্যান্ড দল) প্রজন্মের কয়েক শ শ্রোতা-দর্শক। এবিসি রেডিও ছিল এই অনুষ্ঠানটির রেডিও সঙ্গী। বিকেল পাঁচটায় শুরু হওয়া পাঁচ ঘণ্টার এই কনসার্টে তিনটি ব্যান্ড প্রায় অর্ধশত গানে শ্রোতাদের মাতিয়ে রাখে। ব্যান্ডগুলো তাদের নিজস্ব অ্যালবাম, কভার গান ও বিভিন্ন মিশ্র অ্যালবামের মৌলিক গান পরিবেশন করে। ‘দি এ বি সি জেনারেশন ইজ ব্যাক’ শীর্ষক এই আয়োজনে ছিল ব্ল্যাক রক, গ্রাঞ্জ, অল্টারনেটিভ ও সফট রকের বৈচিত্র্যময় সমাহার, যা সংগীতপ্রেমীদের উদ্বেলিত করে তোলে। লাইভ কনসার্টের মাধ্যমে শ্রোতারা যেন নতুন করে পরিচিত হলেন আন্তর্জাতিক মানের ও ধাঁচের বাংলা রক, অল্টারনেটিভ ও মেটাল গানের সঙ্গে। আর্টসেলের পরিবেশনায় ছিল অসাধারণ ব্যাস লাইনের সঙ্গে আকর্ষণীয় ভোকালের সংমিশ্রণ। ক্রিপটিক ফেইটের হেভি মেটালও ছিল দর্শক-শ্রোতাদের মাঝে নতুন প্রাণ সঞ্চার করার মতো। সবশেষের চমক ছিল তিন ব্যান্ডের জনপ্রিয় মিলিত গান ‘আশীর্বাদ’। এই গানটির মধ্য দিয়ে শেষ হয় বৈচিত্র্যময় এই কনসার্টের। কনসার্টটি আয়োজন করে লাইভ স্কয়ার কনসার্ট।