এবিসির ৫-এ পা আড্ডা চলছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড্ডা চলছে। এর মধ্যে ‘সমন্বয়, তুমি ওই দিকে বসো।’ কথাবন্ধু সমন্বয়কে কথাটি বললেন তাঁর সহকর্মী মারিয়া। সঙ্গে সঙ্গে এবিসি রেডিওর স্টুডিওতে বসা অন্যরাও মারিয়ার সঙ্গে সুর মেলালেন। এরপর ক্রমাগত হা হা, হি হি—আরও অনেক টুকরা কথা। ৭ জানুয়ারি কারওয়ান বাজারে এবিসি রেডিওর কার্যালয়ে কর্মীদের মধ্যে তখন এমনই ‘ঈদ ঈদ’ আবহ। কারণ, এদিন চার পেরিয়ে ৫-এ পা দিল এই এফএম রেডিওটি। কেক কাটা হলো। হইহুল্লোড় হলো। তারপর রেডিওর স্টুডিওতে এবিসির কর্মীদের সঙ্গে চলল আমাদের জম্পেশ আড্ডা। এই আড্ডায় জ্যেষ্ঠ প্রতিবেদক আমীন আল রশীদ ও সীমা ভৌমিক আছেন, আছেন অনুষ্ঠান প্রযোজক ও কথাবন্ধু কিবরিয়া এবং গাজী শারমীন। সঙ্গে আরও আছেন কথাবন্ধু সুমন, ফারজানা, জয়ী, মারিয়া, সাঈফ, সাফরিন ও সমন্বয়—সব মিলিয়ে আড্ডায় লোকলস্কর একেবারে কম নয়। এই আড্ডাবাজেরা সবাই নেপথ্যের মানুষ। কিন্তু তাঁদের কণ্ঠস্বর সবার খুব চেনা। আলোকচিত্রী সৈকত ভদ্রকে কেউ কেউ বললেন, ‘ভাই, ছবিটা কিন্তু ভালো করে তুলবেন...আমাকে যেন দেখা যায়।’এবিসিতে সংবাদ কমিয়ে এখন বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হচ্ছে। আমীন আল রশীদ বললেন,‘আমরা খবর কমিয়েছি। আমি নিউজের লোক তো, তাই এ সিদ্ধান্তটি আমার ভালো লাগেনি।’ এখন কি অনুষ্ঠান বনাম সংবাদকর্মীদের হাড্ডাহাড্ডি ঝগড়া হবে?—এমন যখন ভাবছি, তখন কথা বলতে শুরু করেছেন কিবরিয়া, ‘আসলে নানা ধরনের জরিপ চালিয়ে আমরা দেখেছি, এফএম রেডিওর শ্রোতারা বিনোদনমূলক অনুষ্ঠানই বেশি শুনতে চান। তাই আমরা বৈচিত্র্যময় অনুষ্ঠানমালায় সাজিয়েছি এবিসিকে। আমাদের ‘প্রেমরোগ’, ‘পার্টি নাইট’, ‘হ্যালো ৮৯২০’, ‘হাওয়া বদল’—বিনোদনধর্মী এসব অনুষ্ঠান বেশ জনপ্রিয়ও হয়েছে।’কিবরিয়ার কথা কবুল করলেন সবাই। তাই ঝগড়ার আশঙ্কা শূন্যের কোঠায়। রেডিও হিসেবে এবিসির স্বাতন্ত্র্য কোথায়?জয়ী বললেন, ‘আমরা শুদ্ধ ও প্রমিত উচ্চারণে বাংলায় কথা বলি।’ সাইফ বললেন, ‘অনুষ্ঠান ও সংবাদ—দুই ক্ষেত্রেই একটা মান রক্ষা করি আমরা।’ ফারজানা বললেন, ‘আমাদের কথাবন্ধুদের একটা আলাদা চরিত্র আছে, আইডেনটিটি আছে। শ্রোতারা আমাদের কথা শুনেই বুঝতে পারেন, কে কথা বলছেন।’ সবশেষে আড্ডা ভাঙার আগে এবিসি নিয়ে প্রত্যেকের স্বপ্নের কথা যদি লিখতে হয়, তাহলে অবশ্যই মহাকাব্য হবে। এখানে শুধু গাজী শারমীনের স্বপ্নটি জানিয়ে রাখি। তিনি বলেছেন, ‘মানুষ টিভি না দেখে যেন শুধু রেডিও শোনে—এবিসিকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই।’ অন্যদিকে এবিসি রেডিওর অনুষ্ঠান ও বার্তাপ্রধান সানাউল্লাহ বললেন, ‘এ বছরের মার্চের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে এবিসির দুটি নতুন কেন্দ্র চালু হবে। এ ছাড়া দেশের যেকোনো স্থান থেকে মুঠোফোনে শ্রোতারা যাতে এবিসি শুনতে পারে, আমরা খুব দ্রুতই সেই উদ্যোগ নিচ্ছি।’ এবিসির কর্মীরা এই রেডিওটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন দেখছেন, সেটি পূরণ হতে বোধ হয় খুব বেশি বাকি নেই আর।