এমটিভি ভিএমএতে জ্বলজ্বলে বিয়ন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্স নোয়েলস
বিয়ন্স নোয়েলস

এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস শুধু পুরস্কারের জন্যই নয়, বিশ্বসংগীতের সবচেয়ে উজ্জ্বল তারকাদের উপস্থিতি আর পারফরম্যান্সের জন্যও নজরে থাকে সংগীতপ্রেমীদের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে গত ২৪ আগস্ট আয়োজন করা হয় অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন নিকি মিনাজ, টেইলর সুইফট, আশার ও আরিয়ানা গ্র্যান্ড। তবে বিয়ন্স নোয়েলসের ২০ মিনিটের পারফরম্যান্সের সামনে ম্লান হয়ে যায় সবই। বিয়ন্সের হাতে তুলে দেওয়া হয় ‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার’। তখন তাঁর স্বামী জেই-জি মঞ্চে আসেন শিশুকন্যা ব্লু আইভিকে নিয়ে। বিয়ন্সে বলেন, ‘খুব ভালো লাগছে। কিছুই বলার নেই, কৃতজ্ঞতায় ভরে আছে আমার মন।’ আর জেই-জি স্ত্রীকে বলেন, ‘গ্রেটেস্ট লিভিং এন্টারটেইনার।’
বহুল আলোচিত ‘রেকিং বল’-এর জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন মাইলি সাইরাস। অনুষ্ঠানে ছিলেন না তিনি। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন এক গৃহহীন যুবক। তিনি বলেন, ‘আমার নাম জেসি। যুক্তরাষ্ট্রের ১৬ লাখ ঘরপালানো এবং গৃহহীন তরুণ-তরুণীর পক্ষে আমি এই পুরস্কার গ্রহণ করছি; যারা ক্ষুধার্ত, পথহারা এবং ভীত জীবনযাপন করছে। আমি তাদেরই একজন।’ গত ভিএমএতে ‘টোয়ার্কিং’-এর জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন মাইলি সাইরাস। কিন্তু এবারের চিত্র একেবারেই উল্টো।
অনুষ্ঠানে আরও নজর কাড়েন কেটি পেরি। অনুষ্ঠানে তিনি আসেন ডেনিম জিনসের তৈরি গাউন পরে। তাঁর সঙ্গে মিলিয়ে তৈরি পোশাকে মঞ্চে আসেন রিফি র্যাফ, ঠিক যেমনটা ২০০১ সালের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে এসেছিলেন ব্রিটনি স্পিয়ার্স আর জাস্টিন টিম্বারলেক।
লর্ডের ‘রয়্যাল’ জিতে নেয় সেরা রক ভিডিওর পুরস্কার, ড্রেক ফিচারিং মাজিদ জর্ডানের ‘হোল্ড অন (উই আর গোয়িং হোম)’ জিতে নেয় সেরা হিপ-হপ ভিডিওর পুরস্কার, সেরা পপ ভিডিওর পুরস্কার পান আরিয়ানা গ্র্যান্ড তাঁর ‘প্রোবলেম’ (ফিচারিং ইগি আজালিয়া)-এর জন্য। সেরা পুরুষ ভিডিও জিতে নেন এড শিরান, তাঁর গান ‘সিং’ (ফিচারিং ফ্যারেল উইলিয়ামস)-এর জন্য আর সেরা ভিডিও নারী পান কেটি পেরি তাঁর ‘ডার্ক হর্স’ (ফিচারিং জুসি জে)-এর জন্য। সেরা যৌথ কাজের পুরস্কার পেয়েছেন বিয়ন্সে ও জেই-জি ‘ড্রাঙ্ক ইন লাভ’-এর জন্য।
ফাহমিম ফেরদৌস
গার্ডিয়ান ও বিলবোর্ড অবলম্বনে