এমটিভি রুটস ও চিরকুট
১৫ মার্চ, শুক্রবার। রাত সাড়ে নয়টা। স্টুডিও বাটার রেকর্ডস। কিছুক্ষণ আগে থেকেই সবাই বসে আছেন দারুণ আগ্রহ নিয়ে—চিরকুট ব্যান্ডের সদস্যরা আর তাঁদের বন্ধুরা। সঙ্গে আছেন চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েজ’ প্রতিযোগিতার কয়েকজন প্রতিযোগীও। দুই দিন আগেই ই-বার্তার মাধ্যমে ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (শুক্রবার) ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানে প্রচারিত হবে চিরকুটের গান। যখন এমটিভিতে চিরকুটের ‘কাটাকুটি’ গানটি শুরু হলো, সবার মধ্যে সে কী আনন্দ! কিছুক্ষণের মধ্যেই এই আনন্দ রূপ নেয় উৎসবে। শুরু হয় গান। চিরকুটের সদস্যদের বাসা থেকে চলে আসে নানা রকম খাবার। এভাবেই কেটে যায় একটি রাত। ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানের সূত্র ধরে কথা হবে চিরকুটের সঙ্গে। রোববার দুপুরে ‘পাওয়ার ভয়েজ’ অনুষ্ঠানের রেকর্ডিং। এই প্রতিযোগিতার ছেলেমেয়েরা চিরকুটের চারটি গান গাইবে। থাকবে চিরকুটের আলাদা গানও। কিন্তু হরতালের কারণে ওই দিন তা স্থগিত করা হয়। এই সুযোগে সকালে ফটোসেশনটা হয়ে যায় আর সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে হয় আড্ডা। এখানে আসেন চিরকুটের সুমী (কণ্ঠ), পিন্টু (কণ্ঠ, বেহালা, বাঁশি), ইমন (লিড গিটার), রোকন (বেস গিটার), পাভেল (ড্রামস) ও তমাল (রিদম গিটার)। তমাল এই ব্যান্ডে নতুন যোগ দিয়েছেন। চিরকুটে তাঁর বয়স মাত্র তিন মাস। সুমী জানান, গত বছর ২১ থেকে ২৫ নভেম্বর ইন্ডিয়া মিউজিক উইকে অংশ নিয়েছিলেন তাঁরা। এই উৎসব আয়োজন করেছিল ভারতের নরওয়ে দূতাবাস ও সংগীত সাময়িকী রকস্ট্রিট জার্নাল, আর বাংলাদেশ থেকে চিরকুটকে অংশ নিতে সহযোগিতা করে লাইভ স্কয়ার। এই উৎসবে তাঁরা গান গেয়েছিলেন দিল্লি আর বেঙ্গালুরুতে।ইন্ডিয়া মিউজিক উইকে চিরকুটের গান মুগ্ধ করে এমটিভি কর্তৃপক্ষকে। তারা চিরকুটকে আমন্ত্রণ জানায় এমটিভিতে। শুরুতেই দুটি গানের ব্যাপারে দারুণ আগ্রহ প্রকাশ করে ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানের কর্মকর্তারা— ‘কাটাকুটি’ ও ‘খাজনা’। চুক্তি শেষে দেশে ফিরে চিরকুট এই দুটি গানের মিউজিক ভিডিও পাঠিয়ে দেয় এমটিভিতে। ‘কাটাকুটি’ গানের মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছিলেন রাহুল অলিন্দিব আর ‘খাজনা’র শামসুল আরেফিন। সুমী বলেন, ‘আমাদের অ্যালবাম চিরকুটনামা বের হয় ২০১১ সালে। তখন দুটি গানের মিউজিক ভিডিও তৈরি করেছিলাম। প্রথমটি ছিল “খাজনা” আর দ্বিতীয়টি “কাটাকুটি”। ওই সময় আমরা ঢাকার কয়েকটি টিভি চ্যানেলে “কাটাকুটি”র মিউজিক ভিডিও দিয়েছিলাম। কিন্তু কেউ প্রচার করেনি। এখন এমটিভিতে প্রচার হওয়ার পর সবকটি চ্যানেল তা প্রচারের ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছে।’কদিন আগেই চিরকুট ব্যান্ডের সদস্যরা গান করতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। জাফনা সংগীত উৎসবে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের এই ব্যান্ডকে। বাংলাদেশ থেকে একটি নাচের দলও অংশ নেয় এই উৎসবে, নৃত্যনন্দন। শ্রীলঙ্কার জাফনায় ১ ও ২ মার্চ তিনটি কনসার্টে গান গেয়েছেন চিরকুটের সদস্যরা। পিন্টু বলেন, ‘এর মধ্যে একটি কনসার্ট ছিল শুধুই স্কুলের ছেলেমেয়েদের জন্য। জাফনা উৎসবে আমাদের “কানামাছি” গানটি দারুণ জনপ্রিয় হয়।’ ইমন বলেন, ‘এই উৎসবে উল্লেখযোগ্য ছিল নরওয়ের ব্যান্ড কাসা মুরিলোর সঙ্গে চিরকুটের যৌথ পরিবেশনাটি।’ পাভেল বলেন, ‘ফেরার পথে আমরা গান করেছি কলম্বোতে।’ কথা প্রসঙ্গে জানা গেল, এবার পয়লা বৈশাখে আসছে চিরকুটের দ্বিতীয় অ্যালবাম। কী নাম হবে অ্যালবামটির? কেউ বললেন জাদুর শহর আবার কেউ বললেন চিরকুটনামা ২ হলে মন্দ হয় না। চিরকুটনামা নানা কারণে শ্রোতাদের হাতে পৌঁছাতে পারেনি। তাই এবার একই সঙ্গে দুটি অ্যালবাম বের করার পরিকল্পনা করা হচ্ছে। তা হতে পারে চিরকুট নামে দুই সিডির অ্যালবাম। ব্যান্ডের সবার ইচ্ছা, শুরুতে অ্যালবামটি আসবে মুঠোফোনে, এরপর সিডি আকারে।আড্ডা শেষে সবাই যখন বিদায় নিচ্ছেন, তখন জানা গেল এ বছরই নরওয়েতে সংগীত সফরে যাচ্ছে চিরকুট। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সুমী বললেন, ‘আর দেরি নয়, যেভাবেই হোক এবার পয়লা বৈশাখেই শ্রোতারা শুনতে পাবেন আমাদের নতুন অ্যালবাম।’এদিকে গতকাল বুধবার দুপুরে সুমী ফোন করে জানালেন আরেকটি খবর। এমটিভি কর্তৃপক্ষ ই-বার্তার মাধ্যমে জানিয়েছেন, ‘খাজনা’ গানটির মিউজিক ভিডিও কাল শুক্রবার রাত সাড়ে নয়টায় ‘এমটিভি রুটস’ অনুষ্ঠানে প্রচার করা হবে।