এমন সাধ্য কার আছে ভাই এ ঘড়ি তৈয়ার করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করেযে ঘড়ি তৈয়ার করে সে লুকায় ঘড়ির ভিতরে’এই কথাগুলো যাঁর কণ্ঠে উঠে এসেছে, তিনি আবদুর রহমান বয়াতি। অনবদ্য এক প্রতিভার আধার, পরিসমাপ্তি ঘটালেন তাঁর দেহযাত্রার, পাড়ি দিলেন অনন্তলোকের পথে। তাঁর গানের সঙ্গে আমার পরিচয় সেই স্বাধীনতা-পূর্ব সময়ে, রেডিওতে প্রথম শুনি তাঁর গান। স্বাধীনতার পর বিটিভিতে, ’৭৩-’৭৪ সালের দিকে হবে সেটা, আজম খানদের বিখ্যাত পঞ্চপাণ্ডব যখন গান করা শুরু করলেন, তখন সেই ‘দেহঘড়ি’ গানটিরই আরেকটু ভিন্ন আঙ্গিকের পরিবেশনা দেখতে পেলাম তাঁর—এবার মঞ্চে। এ সময় তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী, গ্রামীণ জনসাধারণ তো বটেই, এমনকি শহুরে তরুণ সমাজের মধ্যেও তাঁর তখন বিপুল খ্যাতি। তখনো আমার সঙ্গে তাঁর সামনাসামনি পরিচয় নেই, দূর থেকে তাঁর গান শুনেই ভক্ত আমি।ফিডব্যাকের ‘বঙ্গাব্দ ১৪০০’ অ্যালবাম ভক্তশ্রোতাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করল। সেই সময় আমন্ত্রণ এল বিটিভি থেকে, প্রযোজক ফিরোজ মাহমুদ ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফিডব্যাক ও আবদুর রহমান বয়াতিকে একই সঙ্গে উপস্থাপন করতে চান। তাঁর সঙ্গে প্রথম সরাসরি কাজ করারও সুযোগ তৈরি হয়ে গেল। প্রথম সাক্ষাতেই বুঝতে পারলাম এই অসামান্য গুণী আর বিপুল প্রতিভাবান মানুষটি বাস্তবে কত সাধারণ একজন! একসঙ্গে কাজ করতে গিয়ে সেই স্বল্প সময়েও শিখলাম কত কিছু! তাঁর কণ্ঠ প্রথমে ক্যাসেটে ধারণ করা হলো, শুরু হলো মিউজিক কম্পোজিশনের কাজ। পুরো গান সিকোয়েন্স করলাম, তিনি ও তাঁর দলের সদস্যদের সঙ্গে ফিডব্যাকের আমরাও সবাই কণ্ঠ দিলাম তাঁরই গাওয়া গানে। আমাদের সঙ্গে মজা করতে করতে নিজেই তাঁর এই মাস্টার পিসে একটা লাইন ইম্প্রোভাইজ করে ফেললেন। সেটা অনেকটা এ রকম, আমরা যখন গাইছি—‘রহমান বয়াতি বলে শোন রে মোর মন বোকা’, তিনি তখন উত্তর দিচ্ছেন ‘ফিডব্যাকের কর্মদোষে হইল না গুরুর দেখা!’ আমরা সাধারণত একটি গানে একজন বা দুজন কণ্ঠ দিয়ে থাকি, কিন্তু এই গানটিতে আমরা তৎকালীন পাঁচ সদস্যের সবাই কণ্ঠ দিয়েছিলাম। সঙ্গে ছিলেন তাঁর বাউল দলের সব সদস্য।বাংলা গানের, মূলত লোকগীতির অনেকগুলো পর্যায়। তার মধ্যে তিনি যে গান করতেন, তা বাউলাঙ্গের গান, পরিবেশনাগতভাবে দলীয় রীতিতে গাওয়া। আমরা যে ধারায় গান করে থাকি, অর্থাৎ ব্যান্ড মিউজিক, এই ধারা হয়তো আধুনিক বিশ্বের জনপ্রিয়তম একটি সংগীত ধারা, কিন্তু এই ভূখণ্ডে এভাবে দলীয়ভাবে বাউলসংগীত পরিবেশনার রীতি কিন্তু তাঁদেরই প্রচলন করা। তাই আমাদের পরিবেশনার সঙ্গে তাঁর দলের পরিবেশনা মিলে গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। এরপর অনেকেই বাউল গানের সঙ্গে পাশ্চাত্য গানের নানা রকম কম্পোজিশন ও ফিউশন ঘটিয়েছেন। তবে আবদুর রহমান বয়াতির সঙ্গে ফিডব্যাকের সেই ‘দেহঘড়ি’র কম্পোজিশনই ছিল এই ধারায় প্রথম প্রয়াস। টেলিভিশনে প্রচারের পর এই গান তুমুল জনপ্রিয় হয়, যার কারণে সাউন্ডটেক পরে এই গানটি নিয়ে অ্যালবাম করতে আগ্রহ দেখায়। একটিমাত্র গান দিয়ে ননস্টপ অ্যালবাম, সেটাই দেশে প্রথম।এক জীবনে আবদুর রহমান বয়াতি যা কিছু পেয়েছেন, তা কেবলই সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা আর হাততালি। কেবল সামনাসামনি লোক দেখানো সম্মান দিয়ে জীবন চলে না। তাঁর জীবনও চলেনি স্বচ্ছন্দে। জনপ্রিয়তার শীর্ষে থেকে সারা দেশ চষে বেড়িয়েছেন, দেশের প্রায় প্রতিটি জেলায়, প্রতি জনপদে গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়েছেন, অথচ দারিদ্র্য তাঁর পেছন ছাড়েনি কখনো। বয়সকালে রোগ-শোকে আক্রান্ত হয়ে চিকিৎসাহীন হয়ে ঘরে পড়ে থেকেছেন। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। শিল্পীর জন্য সম্মান যেমন জরুরি, শিল্পের বিনিময়ে প্রাপ্য সম্মানীটুকু দেওয়াও জরুরি। পশ্চিমা দেশের মতো আমাদের এখানে মেধাস্বত্ব আইন সময়মতো মানা হলে আজ তাঁর সেই ‘দেহঘড়ি’ গানটির বিনিময়মূল্যের দিয়েই তিনি সচ্ছল থাকতে পারতেন। সময় থাকতে আমাদের সবারই দায়িত্ববান হওয়া দরকার বৈকি।পরম করুণাময় আল্লাহ্ তাআলার কাছে প্রার্থনা, যে বিপুল আনন্দে তিনি আমাদের ভাসিয়েছেন তাঁর কণ্ঠমাধুর্য, কথা ও সুরের মহিমায়, তার বিনিময়ে অনন্তলোকে তাঁকে শান্তিতে রাখুন। সংগীত পরিচালক ও দলনেতা, ফিডব্যাক