এমন সুযোগ কমই আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চলছে দেশসেরা তিন শিল্পীর চিত্রকর্মের মাসব্যাপী প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের রয়েছে প্রশ্নহীন শিল্পদক্ষতা। আর তাই বারবার তাঁদের কাজ দেখে মুগ্ধ হচ্ছেন শিল্পপ্রেমিকেরা। গতকাল দুপুরে সেখানে দেখা মিলল এক ভিনদেশির। ফ্রান্সের অধিবাসী জ্যাক চারুকলার ছাত্র। বিদেশি এক প্রকল্পে কাজ করতে দুই মাস ধরে তিনি বাংলাদেশে। ঢাকায় এশীয় চারুকলা প্রদর্শনী হচ্ছে জেনে সবগুলো গ্যালারি ঘুরে দেখছেন। জাদুঘরে এসে অবাক হলেন ফরাসি চারুকলার এই ছাত্র। তিনি বললেন, ‘বাংলাদেশে এত আধুনিক চিত্রকর্ম ও সমকালীন কাজ রয়েছে, তা আমার জানা ছিল না। ভিনদেশে যে শিল্পকর্মের চর্চা এখন অনেক শিল্পী করছেন, সেই কাজ এই তিন শিল্পী আরও বহু আগে করে গেছেন।’কেবল এই ভিনদেশির জন্য নয়, এ দেশের চারুকলার ছাত্র, চিত্রকর্মপ্রেমী ও সমালোচকদের জন্য জাদুঘরের এই প্রদর্শনী আসলেই মনে রাখার মতো। ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় তিন বরেণ্য চিত্রশিল্পীর এই চিত্রকর্ম প্রদর্শনী। জাতীয় জাদুঘরের নিজস্ব সংগ্রহ থেকে তিন শিল্পীর ৮২টি শিল্পকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে অনেক অপ্রদর্শিত চিত্রকর্মও রয়েছে বলে জানান জাদুঘরের মহাপরিচালক প্রকাশচন্দ্র দাস। তিনি বলেন, ‘এই প্রথমবার জাদুঘরে সমকালীন চিত্রকর্মের এই তিন পুরোধার চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী হচ্ছে। এশীয় চারুকলা প্রদর্শনীর এই সময়ে আন্তর্জাতিক চিত্রশিল্পীদের কাছে বাংলাদেশের চিত্রকর্মের অবস্থান তুলে ধরতেই এই আয়োজন।’ ভবিষ্যতে তরুণ শিল্পীদেরও প্রদর্শনী করা হবে বলেও জানান তিনি।জয়নুল আবেদিনের যে ছবি রয়েছে, তাতে ফুটে উঠেছে শিল্পীর জীবন ও প্রকৃতি অনুধাবনে অতি সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা। ‘পেইন্টার’ শিরোনামের চিত্রকর্মটিতে আঁকা হয়েছে একজন বয়স্ক শিল্পীর ছবি, যিনি গভীর মনোযোগে বসে পটে আঁকছেন। শিল্পীর চোখে ধরা পড়ল যেন আরেক শৈল্পিক নান্দনিকতা। সাঁওতাল মেয়ের চুলের বেণিতে গুঁজে থাকা রক্তজবা ফুল, উঠোনে বসে দুই নারীর পরস্পরের চুল আঁচড়ে দেওয়া, দুই বোনের ছবি, ঝড়ের মুখে গরুর ছুটে চলাসহ রয়েছে দুর্ভিক্ষের সেই বিখ্যাত চিত্রকর্মও।কামরুল হাসানের কাজে উঠে এসেছে পটুয়ার প্রতি তাঁর গভীর শ্রদ্ধাবোধ, বাংলার লোককলার প্রতি প্রেম। গ্রামের ছবি, পশুপাখির বহুমাত্রিকতা, একাত্তরে শকুনের লোলুপতা আর হিংস্রতা, শয়তানের মৃত্যু, যুদ্ধবাজের ছবি কিংবা দুর্ভাগা ঘোড়ার ছবিগুলোতে শিল্পীর মন ও মননের সৃজনশীলতার প্রকাশ ঘটে। শিল্পী এস এম সুলতান বোহেমিয়ান বৈশিষ্ট্যের জন্য খ্যাতিমান। নিজ চিত্রকর্মেও রয়েছে সেই খ্যাতির প্রকাশ। ঋষি কিংবা কৃষকের ফসল ফলানোর দৃশ্যে পেশিবহুল শরীরে চোখ আটকাবেই। এ ছাড়া নানা প্রাকৃতিক দৃশ্য—গাছ, পাহাড়, নদী এসবে শিল্পীর প্রকৃতিপ্রেমেরও প্রকাশ ঘটে।জাদুঘরের এমন আয়োজনের কারণে সব প্রজন্মের সুযোগ ঘটল তিন মহারথীর চিত্রকর্ম একসঙ্গে দেখার। এমন সুযোগ খুব কমই আসে। প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত।বেঙ্গলে শুক্রবার থেকে ‘সৃজনে ও শেকড়ে-৫’ প্রদর্শনীপ্রতিষ্ঠানের ১০ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গল গ্যালারি আয়োজন করেছে বছরব্যাপী বিশেষ প্রদর্শনী। এর ধারাবাহিকতায় আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘সৃজনে ও শেকড়ে-৫’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী। বারো দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কবি ও স্থপতি রবিউল হুসাইন।প্রদর্শনীতে অংশ নিচ্ছেন মোট ১০ জন শিল্পী। তাঁরা হলেন হামিদুজ্জামান খান, রেজাউল করিম, সৈয়দ আবদুল্লাহ খালিদ, বীরেন সোম, হাসি চক্রবর্তী, তরুণ কুমার ঘোষ, ইফতেখার উদ্দিন আহমেদ, রফি হক, আহমেদ নজীর ও তাসাদ্দুক হোসেন।