>আজ কিশোর ম্যাগাজিন কিশোর আলোর তৃতীয় জন্মবার্ষিকীর উৎসব ‘কিআনন্দ’ বসছে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে আরও কয়েকজন অতিথির সঙ্গে সকাল আটটায় উৎসবের উদ্বোধন করবেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান।

যে উৎসবের প্রাণ কিশোরেরা, সেই আয়োজনের অংশ হচ্ছেন আপনি—কেমন লাগছে?
কিশোর-তরুণদের সঙ্গে থাকতে খুবই ভালো লাগে। তাঁদের সঙ্গে থাকলে কাজের শক্তি পাই। যখন স্কুল-কলেজে গান গাইতে যাই, তখন তরুণদের শক্তিটা নিজের ভেতরও অনুভব করতে পারি, ভালো গাইতে পারি। তবে এবার গান নয়; কিশোর-তরুণদের সঙ্গে কথা বলব, গল্প শোনাব। এমন সুযোগ তো খুব একটা পাওয়া যায় না। তাই ভাবছি সুযোগের সদ্ব্যবহার করব।
উৎসবে গান শোনাবেন না; তরুণ-তরুণীরা কি মেনে নেবেন এটা?
মনে হয় মেনে নেবেন। আমার সঙ্গে তো ব্যান্ড কিংবা ইন্সট্রুমেন্ট থাকবে না। এরপরও যদি গানের অনুরোধ আসে, তাহলে সবার সঙ্গে একটু গলা মেলাতে পারি।
এবার একটু অভিনয় প্রসঙ্গে আসি। গেল দুই ঈদের অনেক নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের ব্যস্ততা কি ঈদের মতোই আছে?
না। ঈদ উৎসবের নাটকগুলো বিপুল দর্শক দেখেন। নাটকের গল্প ভালো থাকে, পরিচালক যত্ন নিয়ে নাটক বানান। ফলে ঈদে প্রচারের জন্য তৈরি নাটকে আলাদা আগ্রহ থাকে আমার। আমি যেহেতু গান করি, তাই গানেই বেশি সময় দিতে চাইছি। আগামী ঈদের আগে হয়তো আর অভিনয় নিয়ে ব্যস্ত হওয়া হবে না।
আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আর প্রেমের নাটকে অভিনয় করবেন না। তারপরও তো করছেন...
ওই সাক্ষাৎকারে বলেছিলাম, ঈদের পর থেকে আর অভিনয় করব না। গান তো আমার ভালোবাসার জায়গা। গানের বাইরে নাটকে অভিনয়ের প্রতি অন্য রকম একটা ভালোবাসা কাজ করে। কিন্তু কিছু কারণে নাটকের প্রতি আমার ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। তাই অভিনয়ের দিকে মনোযোগী না হয়ে আমি অন্যদিকে মনোযোগ দিতে চাইছি।
কোন দিকে?
ইদানীং আমি ব্লগ লিখছি। নিজের কাজের তথ্য, রোজকার অভিজ্ঞতা, অনুভূতির কথা ব্লগে প্রতিদিন লিখছি, আনন্দ পাচ্ছি। সামনে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরব। ঘুরতে ঘুরতে মজা করব, ছবি তুলব, তা ব্লগে লিখব।
সাক্ষাৎকার: শফিক আল মামুন