এমনও দিনে তারে বলা যায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হক চৌধুরী
হক চৌধুরী

১৯৩১ সালের ১৫ ডিসেম্বর তাঁর জন্ম। সেই হিসাবে আর দুই দিন পরে তাঁর ৮২ বছর পূর্ণ হবে। জন্মদিনে যাঁকে প্রণতি জানানোর এই প্রয়াস, তিনি চলতি বছরের ১৭ জুন লোকান্তরিত হয়েছেন। এই স্মরণাঞ্জলি আনন্দ-বেদনার কিছুটা মিশেল বলা যায়। গণমাধ্যমের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, নিবেদিতপ্রাণ, টেলিভিশন নাট্যপ্রযোজক ও নাট্যকার আতিকুল হক চৌধুরীর কথা বলছি।
একটু পেছনে যাই, তাঁর সম্পর্কে বলতে গেলে, চল্লিশের দশকে বিদ্যালয়ে পড়ার সময় অভিনয় ও আবৃত্তিতে প্রথম পুরস্কার পেয়েছিলেন আতিকুল হক চৌধুরী। পরবর্তী সময়ে সিরাজউদ্দৌলা নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেন কলেজজীবনে। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। সে সময় সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ে তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন বিচারপতি মোস্তফা কামাল, কবি শামসুর রাহমান, বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক ভূমিসচিব এম মোকাম্মেল প্রমুখ। ১৯৬০-৬৩, এই তিন বছর আতিকুল হক চৌধুরী রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক ছিলেন। ১৯৬৫ সালে আতিকুল হক চৌধুরী তৎকালীন পাকিস্তান টেলিভিশনে (পিটিভি) যোগদান করেন। রবীন্দ্রসংগীতশিল্পী কলিম শরাফী এ ক্ষেত্রে তাঁকে অনুরোধ করেছিলেন। ১৯৯০ সালে বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) হিসেবে অবসর নেন তিনি।  বিটিভিতে প্রায় তিন দশক ধরে নাটক প্রযোজনা করেন আতিকুল হক চৌধুরী। তাঁর প্রযোজিত টিভি নাটকের সংখ্যা প্রায় ২৫০, আর স্বরচিত নাটক প্রায় ৫০টি। তাঁর নাটক বাবার কলম কোথায়, নীল নকশার সন্ধানে, দুরবিন দিয়ে দেখুন ব্যাপক জনপ্রিয়তা পায়। সত্তর ও আশির দশকে কুশলী এই নির্মাতার নাটকগুলো সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমে তাঁকে এক বিশেষ ধ্রুপদি মর্যাদা এনে দিয়েছিল। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমকে বিশ্বাসযোগ্যভাবেও উপস্থাপনে সফল হয়েছিলেন আতিকুল হক চৌধুরী।
বিটিভি থেকে অবসর নেওয়ার পর ১৯৯১ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে এক দশক অধ্যাপনা করেন। এ ক্ষেত্রে নাট্যকার সেলিম আল দ্বীনের ব্যক্তিগত আগ্রহ ও উৎসাহ বিশেষ ভূমিকা রেখেছিল।
১৯৫৫ সালে জহুরা বেগমকে বিয়ে করেন আতিকুল হক চৌধুরী। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। ২০০১ সালে তাঁর ছোট ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। একটি দীর্ঘ সফল ও অর্থপূর্ণ কর্ম ও পারিবারিক জীবন কাটিয়ে আতিকুল হক চৌধুরী পরলোক গমন করেছেন।
বর্তমান তরুণ প্রজন্ম তাঁকে দুটি কারণেস্মরণ করবে। এক, প্রায় দুই দশক আগে ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ টেলিভিশনে একজোড়া তরুণ-তরুণীর প্রেম ও রোমান্স-নির্ভর নাটক প্রাচীর পেরিয়ে-এর পরিচালক ছিলেন তিনি। বিটিভিতে প্রচারিত প্যাকেজ ধারার এটিই প্রথম নাটক। দুই, তাঁর নাটকে প্রায়ই তরুণদের বিভিন্ন সমস্যা, তাঁদের লক্ষ্য ও আদর্শ এবং তাঁদের এগিয়ে যাওয়ার কথা বেশ সযত্নেই উপস্থাপন করেছিলেন এই নির্মাতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় আতিকুল হক চৌধুরী তরুণ-তরুণীদের নাট্যকলা বিষয়ে হাতেকলমে পাঠ দেওয়া ছাড়াও জীবন ও আদর্শের বিভিন্ন বিষয়ে উজ্জীবিত করেছিলেন। আতিকুল হক চৌধুরী রেডিও ও টেলিভিশনে প্রায় ছয় দশক কর্মজীবনে সত্যকে যথার্থভাবেই অনুসন্ধান করার চেষ্টা করেছেন, এটি কম বড় কথা নয়।

লেখক: নির্বাহী পরিচালক, বাঙালিসমগ্র জাদুঘর