এমরান হাশমি ও নওয়াজউদ্দিনের সঙ্গে নুসরাত

অভিষেকের অপেক্ষায় থাকা নুসরাত ফারিয়াকে শিগগিরই দেখা যেতে পারে বলিউড তারকা এমরান হাশমি ও নওয়াজউদ্দিন সিদ্দিকের বিপরীতে। গাওয়াহ্: দ্য উইটনেস নামের বলিউডের ওই ছবি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। এমরান ও নওয়াজউদ্দিন ছাড়াও ছবিতে আরও দেখা যাবে আশুতোষ রানা ও কলকাতার অভিনেত্রী পায়েল সরকারকে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির অভিনেত্রী নুসরাত ফারিয়া।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালকও বলেছেন, এতে ফারিয়ার চরিত্রটি থাকছে রহস্যে ঘেরা, যার কৌতূহল এখনই ফাঁস করবেন না তিনি।
গাওয়াহ্: দ্য উইটনেস ছবিতে এমরান হাশমি একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। নওয়াজউদ্দিনের চরিত্র একজন ব্যবসায়ীর। পায়েল হবেন নওয়াজের স্ত্রী। আর আশুতোষ রানা একজন চিকিৎসকের ভূমিকায় থাকবেন।

এই ছবির জন্য এখনো চুক্তিবদ্ধ হননি ফারিয়া। তবে তিনি বলেছেন, পরিচালকের সঙ্গে তাঁর আলাপ হচ্ছে নিয়মিত। শিগগিরই ভারতে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি। ফারিয়া বলেন, ‘আমার মুক্তি প্রতীক্ষিত আশিকি ছবির জন্য কলকাতায় একটি অডিশন দিয়েছিলাম। সে সময়ই গাওয়াহ্ ছবির কাস্টিং ডিরেক্টর জোসেফ এটা দেখে আমাকে পছন্দ করেন। তা ছাড়া তিনি আশিকি ছবির ট্রেলার ও গান পরিচালক বিষ্ণুকে দেখান। তখনই বিষয়টি নিয়ে আলাপ শুরু হয়।’
বলিউডের এই ছবির সংগীত পরিচালনা করবেন আশিকি টু–খ্যাত মিঠুন। এর শুটিং হবে ভারতের কলকাতা ও পুনেতে।