এমরান হাশমিকে চুম্বনে কারিনার 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান ও এমরান হাশমি
কারিনা কাপুর খান ও এমরান হাশমি

বেতমিজ দিল’ ছবিতে জুটি বেঁধেছেন ‘সিরিয়াল কিসার’ এমরান হাশমি ও ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। হাশমি এই ছবিতে আবেগঘন চুমুর দৃশ্যে অভিনয়ের ইচ্ছের কথা জানিয়েছেন নির্মাতাদের। কিন্তু বাধ সেধেছেন কারিনা। এ ধরনের দৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পতৌদির নবাব পরিবারের বেগম কারিনা কাপুর খান। 
বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে খ্যাতি পেয়েছেন এমরান হাশমি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় সব ছবিতেই চুমুর দৃশ্যে অভিনয় করে এই খেতাব জুটিয়েছেন তিনি। ছবিগুলো বক্স অফিসে সাফল্যের মুখও দেখেছে। 
হাশমি শুরুর দিকে ধারাবাহিকভাবে চুমুর দৃশ্যে অভিনয় করলেও ‘সাংহাই’ (২০১২), ‘এক থি ডায়ান’ (২০১৩) ও ‘ঘনচক্কর’ (২০১৩) ছবিতে চুমুর দৃশ্যে দেখা যায়নি এ ‘মার্ডার’ তারকাকে। ছবিগুলো আশানুরূপ সাফল্যের মুখও দেখেনি। বিষয়টি কাকতাল, নাকি হাশমির দুর্ভাগ্য, তা অবশ্য নিশ্চিত নয়। তবে হাশমি তাঁর পরবর্তী ছবির গায়ে ‘ফ্লপ’ তকমা লাগতে দিতে নারাজ। ‘বেতমিজ দিল’ ছবিতে চুমুর দৃশ্য রাখার জন্য তিনি একরকম উঠেপড়ে লেগেছেন। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। 

সম্প্রতি ‘বেতমিজ দিল’ ছবির সহ-প্রযোজক একতা কাপুরকে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন হাশমি। কিন্তু কারিনার জন্য হাশমির অনুরোধ রাখতে পারেননি একতা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন করণ জোহর ও একতা কাপুর। আসছে সেপ্টেম্বরে পুরোদমে ছবিটির কাজ শুরু হয়ে যাবে।