এমা এখন যেমন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত  ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ সম্মেলনে জাস্টিন ট্রুডোর সঙ্গে এনা
কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ সম্মেলনে জাস্টিন ট্রুডোর সঙ্গে এনা

মেয়েটা বড় হয়ে গেছে। শুধু বয়সেই নয়, কাজগুলো দেখলেই বোঝা যায় তা। ‘হ্যারি পটার’ সিরিজের ছবিগুলোর সেই ছোট্ট ‘হারমিওন গ্র্যাঞ্জার’ ক্যামেরার সামনে শুধু পাকা পাকা কথা বলেই ক্ষান্ত হননি, বরং সেই কথা দিয়ে পৃথিবী বদলে ফেলার স্বপ্নও দেখেছেন। খুদে অভিনয়শিল্পী, এরপর পুরোদস্তুর নায়িকা, মনোযোগী শিক্ষার্থী আর এখন সক্রিয় সমাজকর্মী—মাত্র ২৫ বছরের জীবনে এত মোড়বদল এমাকে নিয়ে গেছে অন্য আলোয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি বিউটি অ্যান্ড দ্য বিস্ট-এর প্রথম ঝলক। সেই ঝলক দেখে সবাই যখন খুঁজছেন ‘নায়িকা’ এমাকে, তখন গ্ল্যামারে ঘেরা চকচকে সিনেমার জগতের কোথাও তিনি নেই। তখন এই মেয়ে ব্যস্ত গম্ভীর সব বিষয় নিয়ে বড় বড় নেতা, নোবল বিজয়ী ও সমাজকর্মীদের সঙ্গে। নারীবৈষম্য, নারীর প্রতি সহিংসতা, পরিবেশবান্ধব পোশাক তৈরির প্রক্রিয়ার প্রচার নিয়ে। কারণ এমা জোরেশোরে ঘোষণা দিয়েই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে ছুটি নিয়েছেন। অন্তত এক বছর অভিনয় থেকে দূরে থাকার পণ করেছেন।

এমা ওয়াটসন
এমা ওয়াটসন

নারী অধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে ইউএন উইমেনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন বেশ কয়েক বছর হলো। গত মাসে অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ সম্মেলনে লিঙ্গ সমতা এবং একটি উন্নততর ভবিষ্যৎ গড়ার বিষয়ে দিয়েছেন অনুপ্রেরণামূলক বক্তব্য। এত ব্যস্ত সমাজকর্মী কী করে ‘সুন্দরী ও কদাকার’-এর মতো রূপকথার গল্প নিয়ে এখন ভাববেন?
দিনে দিনে এমার কাজের পরিধি তো বেড়েই চলছে। হলিউডের অঙ্গনে ১৪ বছরে ১৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘হ্যারি পটার’ সিরিজে কাজ করতে করতে পড়াশোনায় যে ছেদ পড়েছিল তা-ও সাফল্যের সঙ্গে পূরণ করেছেন। এখন নাকি তিনি শুধু কাজ করবেন তাঁর ভালো লাগার বিষয় নিয়ে। তাই তো অভিনয় থেকে ছুটি নিয়ে এমা শুধুই সমাজকর্ম আর বই পড়েই দিন কাটাতে চাইছেন।
২০০১ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফারস স্টোন ছবিতে ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও রুপার্ট গ্রিন্টের সঙ্গে অভিনয় করেন এমা। সেই দিয়ে শুরু। এরপর অভিনয়জীবন থেকে এক রত্তিও অবসর মেলেনি তাঁর। অভিনয় দিয়ে যেমন দর্শকমন জয় করেছেন, তেমনই জিতেছেন বড় বড় সব পুরস্কার। আর আয়ের খাতাটাও তো ছেলেবেলা থেকেই অন্যদের চেয়ে অনেক ভারী ছিল তাঁর। তাই তো ২০০৯ সালের মার্চে ফোর্বস সাময়িকীর হিসেবে সবচেয়ে দামি তরুণ তারকাদের তালিকায় উঠে আসেন। হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী তারকাদের তালিকায়ও ঠাঁই পান তিনি। মাত্র ১৯ বছর বয়সে আনুমানিক ১ কোটি ৯০ লাখ ডলার উপার্জনের জন্যই এ স্বীকৃতি।

২০১৪ সালে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করেন এমা ওয়াটসন। একই বছর জাতিসংঘের নারীবিষয়ক দূত নির্বাচিত হন। ‘হি ফর শি’ বা ‘নারীর পক্ষে পুরুষ’ শীর্ষক প্রচারাভিযান শুরু করেন এমা। সে সময় থেকেই সমাজকর্মে আরও বলিষ্ঠ হতে শুরু করে তাঁর কণ্ঠ। কখনো বারাক ওবামা, তো কখনো জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কখনো আবার মালালা—গম্ভীর সব বিষয় নিয়ে বিশ্বনেতা ও আলোকিত ব্যক্তিত্বদের সঙ্গে এমার সখ্য বাড়তে থাকে। তাঁর বয়সী অন্য তারকারা যখন সেলফি আর ফলোয়ার গোনায় ব্যস্ত, তখন তথ্যচিত্র, জরিপ আর বক্তৃতার মধ্য দিয়ে নারীদের অগ্রগতির হিসাব কষছেন এই মেয়ে। তাঁর কর্মই তাই বার্তা দিচ্ছে, এমাকে ‘বিউটি অ্যান্ড বিস্ট’-এর মতো রূপকথায় খুঁজে কী হবে? তিনি আপাতত ব্যস্ত এই পৃথিবীর কঠিন সব বাস্তবতাকে তাঁর মেধা, প্রভাব ও সৌন্দর্য দিয়ে সহজ করতে। তিনি ব্যস্ত একটা সুন্দর পৃথিবী গড়তে।

আশিস আচার্য

ডেইলি মেইল অবলম্বনে