এমা ওয়াটসনের বাংলাদেশ সফর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১১ বছর বয়সে অভিনয় করেছিলেন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন ছবিতে। সেই ছবির সুবাদেই রাতারাতি পেয়েছিলেন বিশ্বখ্যাতি। এখন সারা বিশ্ব জানে, ‘হ্যারি পটার’ সিরিজের ছবি মানেই এমা ওয়াটসন। এই অভিনেত্রী সম্প্রতি এসেছিলেন বাংলাদেশে। অবাক করা ব্যাপারই বটে! গেল জুলাই মাসে, কোনো রকম বলা-কওয়া ছাড়াই প্রায় গোপনে ঢাকায় হাজির হয়েছিলেন দুনিয়াকাঁপানো হ্যারি পটার ছবির এই তারকা। খবর দিয়েছে ডেইলি মেইল অনলাইনসহ একাধিক ওয়েবসাইট।পরিবেশবান্ধব পোশাক তৈরির প্রতিষ্ঠান পিপল ট্রির মুখপাত্র হিসেবে কাজ করছেন ২০ বছর বয়সী এমা। বাংলাদেশেই তৈরি হয় গ্যাপ কিংবা প্রাইমার্কের মতো বিশ্বখ্যাত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী। কীভাবে কোন অবস্থায় তৈরি হয় এসব পোশাক-আশাক? বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবনটাই বা কেমন? এসব কাছ থেকে দেখার জন্যই এই ঝটিকা সফরে এসেছিলেন এমা। তিনি ঢাকার বেশ কিছু পোশাক কারখানা ঘুরে দেখেন।‘অনেক দিন ধরেই বাংলাদেশে আসার ইচ্ছা ছিল আমার। পোশাকশ্রমিকেরা যে পরিস্থিতিতে কাজ করছেন, সেটা মন খারাপ করিয়ে দেয়। তবে তাঁদের বন্ধুসুলভ আচরণ আর প্রাণশক্তি আমাকে দারুণ মুগ্ধ করেছে।’ বলেছেন এমা।এমার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মুর্শেদী।