এমা স্টোনের মৃত্যু ভয়
প্রতিনিয়ত মৃত্যু ভয় তাড়া করে ফেরে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ তারকা এমা স্টোনকে। এ জন্য শৈশবে দুই বছর তাঁকে চিকিত্সাও নিতে হয়েছিল। কিন্তু মুক্তি মেলেনি। এখনো প্রয়োজন হলেই চিকিত্সকের শরণাপন্ন হতে হয় ২৩ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রীকে। এ প্রসঙ্গে স্টাইল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এমা বলেছেন, ‘আমার সব সময় মনে হয়, মৃত্যুর খুব কাছাকাছি আমি। কোনো রকম কারণ ছাড়াই প্রতিনিয়ত মনে হয়, এই বুঝি সব শেষ হয়ে গেল! সেই ছোট্টটি থেকে এ সমস্যায় ভুগছি আমি।’এমা আরও বলেছেন, ‘এ সমস্যার কারণে শৈশবে টানা দুই বছর চিকিত্সা নিয়েছিলাম। কিন্তু আজও কারণে-অকারণে মৃত্যু ভয়ে আমার সময়গুলো যেন থমকে যায়। অদ্ভুত বিষয় হলো, জীবনের দুঃসময়ের চেয়ে সুসময়েই এই মৃত্যু ভয় বেশি হানা দেয় আমার ওপর।’ এমা তাঁর জীবনের এই গোপন রহস্যের কথা সবাইকে জানালেও, স্পাইডার-ম্যান ছবির সহ-অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে তাঁর প্রেমের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ, এটাকে নিতান্তই ব্যক্তিগত বিষয় বলে মানেন এমা। উল্লেখ্য, দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান ছবিতে গুয়েন স্টেসি চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন। ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অ্যান্ড্রু গারফিল্ড, মার্টিন শিন, ইরফান খান, স্যালি ফিল্ড প্রমুখ। ইউরোপে ২৮ জুন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ জুলাই মুক্তি পাচ্ছে ছবিটি।