এমার বাড়িতে অবৈধ গৃহপরিচারিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের লন্ডনের বাড়িতে অবৈধ গৃহপরিচারিকা নিয়োগের অভিযোগ উঠেছে। এমা গত বছর নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্ট ভবনে ওই গৃহপরিচারিকাকে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি টুরিস্ট ভিসায় লন্ডনে গিয়ে এমার বাড়িতে কাজ করায় আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণ দপ্তর।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণ দপ্তরের (ইউকে বর্ডার এজেন্সি) একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে অন্তত তিন মাস এমার লন্ডনের বাড়িতে কাজ করেছেন ওই গৃহপরিচারিকা। এই অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণ দপ্তর। এখন যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে হারমিওন চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সেই তারকাখ্যাতি পেয়ে যান এমা ওয়াটসন। ‘হ্যারি পটার’ সিরিজের আটটি ছবিতেই হারমিওন চরিত্রে দেখা গেছে ২৪ বছর বয়সী এ তারকা অভিনেত্রীকে।

বাংলাদেশ ভ্রমণে গিয়ে রানা প্লাজার মতো কারখানা পরিদর্শনের কথা জানিয়ে গত এপ্রিলে খবরের শিরোনাম হন এমা। এ প্রসঙ্গে ‘ভোগ’ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলাম। সেখানে রানা প্লাজার মতো কারখানা পরিদর্শন করেছি। আমি খুব ভালো করেই জানি, ভবনটি ধসে পড়ার আগে এর অবস্থা কতটা খারাপ ছিল!’

টিনএজ মেয়েদের শপিংয়ের অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়ে এমা আরও বলেন, ‘শপিং করার আগে অন্তত দুবার চিন্তা করতে হবে। আমার পছন্দ-অপছন্দের পুরো দায়টাই আমার। মনে রাখতে হবে, আমার পছন্দ-অপছন্দ ভয়াবহ কোনো পরিণতি ডেকে আনতে পারে।’

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজার ভবনধস কেড়ে নেয় ১ হাজার ১৩৩ জন মানুষের জীবন। আহত হন আড়াই হাজারেরও বেশি মানুষ। অনাথ হয় অন্তত ৮০০ শিশু। মানবসৃষ্ট ভয়াবহ ওই বিপর্যয় স্তম্ভিত করে দেয় বাংলাদেশের পাশাপাশি পুরো বিশ্বকে। বাংলাদেশের পোশাকশ্রমিকদের করুণ এ চিত্র প্রবলভাবে নাড়া দেয় বিশ্ববাসীকে। বিষয়টি নিয়ে সোচ্চার হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক তারকা।

ইমারত বিধিমালা ভঙ্গ করে ঢাকার সাভারে নির্মিত হয়েছিল রানা প্লাজা। ভবনটিতে পাঁচটি কারখানা, একটি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ায় ভবনধসের এক দিন আগেই ব্যাংক এবং দোকানের কর্মচারীরা সেখান থেকে চলে যান। কিন্তু পোশাক কারখানার শ্রমিকদের যেতে দেওয়া হয়নি। এমনকি কাজ না করলে চাকরিচ্যুত করা হবে বলেও হুমকি দেওয়া হয়। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেতে হয় পোশাকশ্রমিকদের। নয়তলা ভবনটি ধসে পড়তে সময় লেগেছিল মাত্র ৯০ সেকেন্ড।

ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করা হলেও ভবনটিতে অবস্থিত পোশাক কারখানা ফ্যান্টম টেকের অন্যতম মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ডেভিড রেকো ঘটনার পরপরই তাঁর মাতৃভূমি স্পেনে চলে যান। ফলে তাঁকে আর গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রানা প্লাজা ধসে নিহত লোকজনের স্বজনেরা এই মৃত্যুর মিছিলকে হত্যা বলেই রায় দিয়েছেন।