এমার সৌন্দর্যতত্ত্ব
মুখে গাদাগাদা প্রসাধনসামগ্রীর প্রলেপ দিতে ঘেন্না হয় তাঁর। তিনি যেমন, ঠিক তেমনিভাবে ক্যামেরার সামনে হাজির হতে পছন্দ তাঁর। ‘হ্যারি পটার’ ছবির এই অভিনেত্রী এমা ওয়াটসনের কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই আসল।সম্প্রতি একটি ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজেকে রূপবতী হিসেবে উপস্থাপন করতে প্রচুর মেকআপ নেন এমা। এ কথায় খেপে গিয়ে এমা বলেন, ‘মেকআপ একটা মানুষের মুখাবয়ব আমূল পাল্টে দিতে পারে। প্রসাধনের এই সামগ্রীগুলোর প্রতি আমার আলাদা একটা টান আছে। তাই কিনিও প্রচুর। কিন্তু ব্যবহার করি কম। কারণ, ঈশ্বর প্রদত্ত মুখখানা নিয়ে আমি সন্তুষ্ট। তার পরও কাজের খাতিরে মুখে রং-চঙ মাখতেই হয়।’ সঙ্গে আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সৌন্দর্যের বিষয়টি মানুষের ভেতর থেকে উঠে আসে। আপনাকে তখনই সত্যিকারের সুন্দর দেখাবে, যখন আপনি অন্তর থেকে সৌন্দর্য অনুভব করবেন। আর সেই সৌন্দর্য আপনার চোখেমুখে ফুটে উঠবে।’ মুম্বাই মিরর।