এমি পুরস্কার জিতল ‘হোমল্যান্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে অস্কার, সংগীতে গ্র্যামি, মঞ্চে টনি এবং টেলিভিশনে এমি পুরস্কার হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ। এ বছর লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অনুষ্ঠিত হলো ৬৪তম এমি পুরস্কার অনুষ্ঠান। অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রবর্তিত এই পুরস্কার অনুষ্ঠান থেকে এবার সেরা টিভি সিরিজের পুরস্কার জিতে নিয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী মার্কিন টিভি সিরিজ ‘হোমল্যান্ড’।২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে আল-কায়েদার সন্ত্রাসী হামলা-পরবর্তী প্রেক্ষাপটে নির্মিত ‘হোমল্যান্ড’ সিরিজটি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অন্যতম পছন্দের টিভি অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। সেরা চিত্রনাট্যকার, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ সব মিলিয়ে ছয়টি এমি পুরস্কার জিতে নিয়েছে ওবামার প্রিয় এ টিভি সিরিজ। এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এবারের এমি আসরে সেরা কমেডি সিরিজের পুরস্কার পেয়েছে ‘মডার্ন ফ্যামিলি’। এই নিয়ে পর পর তিন বছর সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতল এটি। এই সিরিজের জন্য সেরা নির্দেশকের পুরস্কার জিতেছেন নির্মাতা স্টিভ লেভিটান। এ ছাড়া সেরা সহ-অভিনেতা ও সহ-অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন এরিক স্টোনস্ট্রিট ও জুলি বোয়েন।মিনিসিরিজ বা মুভি বিভাগে এ বছর এমি পুরস্কার জিতেছে এইচবিও প্রযোজিত চলচ্চিত্র ‘গেম চেঞ্জ’। ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিটি এইচবিও টিভি চ্যানেলে মুক্তি পায় এ বছরের ১০ মার্চ। মুক্তির প্রথম রাতেই ২ দশমিক ১ মিলিয়ন দর্শক উপভোগ করে ছবিটি।