এরই নাম কারিনা কাপুর
এলেন, দেখলেন এবং জয় করলেন—এমনি একটি ঘটনা ঘটল বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ক্ষেত্রে। তিনি সম্প্রতি এজেন্ট বিনোদ ছবির শুটিংয়ে পূর্ব ইউরোপের দেশ লাটভিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। এ সময় তিনি একসঙ্গে তিনটি বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নেন। শুরুতে বিজ্ঞাপনগুলোর দৃশ্যায়নের কাজের জন্য প্রস্তাব হয়েছিল মুম্বাই, মালয়েশিয়া ও হংকংয়ে যাওয়ার। কিন্তু কারিনার ব্যস্ততার জন্য সেটা এক জায়গাতেই করতে হয়েছে।বিজ্ঞাপনগুলোর একটির পরিচালক বলেন, তিনটি বিজ্ঞাপনের শুটিংয়ে কমপক্ষে নয় থেকে ১০ দিন লাগার কথা। আর সেখানে কারিনা তা তিন দিনেই শেষ করে দিয়েছেন। তিন দিনের এই শুটিংয়ে কারিনা দুটি শ্যাম্পু ও একটি গায়ে মাখা সাবানের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। এ শুটিংয়ে কোনো কালক্ষেপণ না করে কারিনা খুব অল্প সময়ের মধ্যে পাঁচটি পোশাকও পাল্টান এবং অসম্ভবকেই সম্ভব করেন। পরিচালক আরও বলেন, কারিনার কর্মস্পৃহা শুটিংয়ে উপস্থিত সবাইকে অবাক করেছে। এটা আসলে একমাত্র সুপার হিরোইনদের পক্ষেই সম্ভব।আর কারিনা বলেন, আসলে স্বাভাবিকভাবে বিজ্ঞাপন তিনটির শুটিং করতে কমপক্ষে ১০ দিন লাগার কথা ছিল। কিন্তু আমার পক্ষে বিজ্ঞাপনটি এক জায়গায় করা ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। কারণ লাটভিয়া থেকে একসঙ্গে তিনটি দেশে যাওয়াও ছিল অসম্ভব ব্যাপার। তাই অনেকটা বাধ্য হয়েই বিজ্ঞাপন তিনটির শুটিং এক জায়গায় করতে হয়।