এরই নাম বউপ্রীতি
কাজলের সঙ্গে সম্পর্কের এক নতুন দিক উন্মোচন করেছেন অজয় দেবগন। এ পর্যন্ত অজয় প্রকাশ্যে তাঁর স্ত্রী কাজলের মেধার গুণকীর্তনই করেছেন। ১১ বছর বিবাহিত জীবনে কখনই তাঁরা প্রকাশ্যে একে অন্যকে দোষ দেননি।তবে করণ জোহরের উই আর ফ্যামিলি ছবিটি নিয়ে অজয়ের একটি মন্তব্যে সবাই বেশ অবাকই হয়েছেন। জানা গেছে, উই আর ফ্যামিলি ছবির প্রচারণায় কাজলের চেয়ে কারিনা কাপুরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বেশ মনঃক্ষুণ্নই হয়েছেন অজয়। সূত্রমতে আরও জানা যায়, অজয় মনে করছেন ছবিটির প্রচারণার মাধ্যমে কারিনা কাপুরের সঙ্গে কাজলের দূরত্ব সৃষ্টি করা হয়েছে। ছবিটির পরিচালক করণ জোহর প্রচারণার সময় কাজলকে আরও ভালো অবস্থানে রাখতে পারতেন। বর্তমান এ প্রচারণা দেখে মনে হচ্ছে কাজল ও কারিনা সমপর্যায়ের অভিনেত্রী। তবে বিষয়টিকে অনেকেই অজয়ের বউপ্রীতি হিসেবে বলছেন।টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাত্কারে কাজল এ বিষয়ে বলেন, ‘দেখুন আমি আসলে জানি না অজয় এ রকম কোনো বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন কি না? স্ত্রী হিসেবে উই আর ফ্যামিলি ছবির প্রচারণায় কারিনার চেয়ে আমাকে উঁচুপর্যায়ে দেখতে চাইবে, এটাই স্বাভাবিক।’কাজল মজা করে আরও বলেন, ‘যদি এ কথা সত্যি হয়, তাহলে আমি অজয়কে বলব তার ঘনিষ্ঠ বন্ধু করণের সঙ্গে কথা বলার জন্য।’অপরদিকে অজয় আরও বলেন, ‘কাজল বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। স্বামী হিসেবে স্বাভাবিকভাবেই আমি তার প্রত্যেকটি কাজ ভালোভাবেই দেখি এবং গঠনমূলক সমালোচনা করি। তবে আমি মনে করি, কাজল একজন দক্ষ অভিনেত্রী কিন্তু কারিনাও যথেষ্ট ভালো। কারিনাও আমার বন্ধু এবং কয়েকটি ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। আমি তার সঙ্গে গোলমাল রিটার্ন ও উমকারা ছবি করেছি। এ ছাড়া সম্প্রতি কারিনার সঙ্গে গোলমাল-৩ ছবির শুটিং করেছি। কারিনা ও কাজল দুজনকেই আমি পছন্দ করি।’