এল থিয়েটারওয়ালা রেপাটরি
নাটক নিয়ে পত্রিকা থিয়েটারওয়ালার উদ্যোগে তৈরি হলো থিয়েটার ট্রুপ ‘থিয়েটারওয়ালা রেপাটরি’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও হলে আজ তাদের প্রথম নাটক মঞ্চস্থ হবে। নাম শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস। প্রথম প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায় এবং দ্বিতীয়টি রাত আটটা ১৫ মিনিটে। শাহযাদ ফিরদাউসের উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছেন হাসান শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। থিয়েটারওয়ালা রেপাটরি প্রসঙ্গে এর স্বত্বাধিকারী হাসান শাহরিয়ার বললেন, ‘রেপাটরি ট্রুপ গঠনের অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন দলের নাট্যজনদের একটি প্লাটফর্মে কাজের সুযোগ তৈরি করে দেওয়া এবং নাট্যচর্চার মধ্যে পেশাদারি মনোভাব তৈরি করা। নব্বইয়ের দশকে শুরু হলেও এর ধারাবাহিকতা রক্ষা হয়নি। এবার এগিয়ে এসেছে থিয়েটারওয়ালা। বিভিন্ন দলের সৃজনশীল নাট্যজনের মিলিত নাট্যচর্চার মাধ্যমে পেশাদারি থিয়েটার-সংস্কৃতি গড়ে তুলতে চাই আমরা। তার জন্য গড়েছি থিয়েটারওয়ালা রেপাটরি।’শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম, তৌফিকুল ইসলাম ও ঋতু সাত্তার; আরণ্যক নাট্যদলের দীপক সুমন এবং থিয়েটারওয়ালা রেপাটরির হাসান শাহরিয়ার।