
ঢাকার মঞ্চে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রথমবারের মতো দর্শক দেখল নাটকটি—প্রণয় যমুনা। মঞ্চে এনেছে সুবচন নাট্যসংসদ।
নাটকটি লেখা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের রাধাকৃষ্ণ উপন্যাস অবলম্বনে। নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম। আর নির্দেশনা সুদীপ চক্রবর্তীর। গতকাল সন্ধ্যায় নাটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নাট্যাভিনেত্রী শিমূল ইউসুফ।
নতুন কোনো ঘটনা নয়, যুগে যুগে প্রচলিত রাধাকৃষ্ণের প্রেমের আখ্যান নিয়েই প্রণয় যমুনা। যে আখ্যানে কেন্দ্রে আছে বৃন্দাবন। যার পরতে পরতে আছে অভিসার, বিরহ, বাঁশির সুর আর যমুনা নদী। যমুনার তীরে বাঁশি বাজিয়ে, নদীতে নৌকা ভাসিয়ে বড় হয়েছে কৃষ্ণ। এই যমুনার পাড়েই সে দেখা পায় অপরূপা রাধার। তারপর থেকেই রাধার ছবিটি কৃষ্ণের মনে গাঁথা হয়ে যায়। যমুনার কূলে কৃষ্ণের বাঁশি শুনে ঘর ছেড়ে ছুটে আসে রাধা। মন দেওয়া-নেওয়ার একপর্যায়ে কৃষ্ণকে পাড়ি দিতে হয় অজানা পথে। তাই বলে ভালোবাসা মরে না। কোনো এক রাতে বাঁশি বাজিয়ে কৃষ্ণ যে দীপ জ্বালিয়েছিল রাধার মনে, ভালোবাসার সেই দীপ হাতে রাধা যমুনার তীরে এসে দাঁড়ায়। কৃষ্ণের ফিরে আসার অপেক্ষায় থাকে রাধা।
নাটকে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক, রাধা চরিত্রে সোনিয়া হাসান।