এলআরবির ঈদ উপহার

এবার ঈদে নতুন একটি গান উপহার দিচ্ছে এলআরবি। ঈদে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘মিউজিক ফিউশন’। অনুষ্ঠানে নতুন এই গানটি গেয়েছে এলআরবি অ্যান্ড ফ্রেন্ডস। ‘নাগরিক সকাল’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম; সুর করেছেন আইয়ুব বাচ্চু।
‘নাগরিক সকাল’ গানটি নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘সুন্দর একটি গান। গানটির কথায় আমাদের নাগরিক জীবনের বিভিন্ন দিক এবং গ্রামীণ জীবনকে মিস করার বিষয়টি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখন পর্যন্ত যাঁরা শুনেছেন, সবাই খুব পছন্দ করেছেন। গানটির সুর ও সংগীতায়োজনেও থাকছে নতুনত্ব। বলতে পারেন, এলআরবিকে নতুন করে পাওয়া যাবে এই গানে। গানটি এবার ঈদে শ্রোতাদের জন্য আমাদের উপহার।’
আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘আমার নতুন একক অ্যালবামের কাজও শেষ করেছি। সবকিছু ঠিক থাকলে এবার ঈদেই হয়তো অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। এটি হবে আমার ১৪তম একক অ্যালবাম।’
আইয়ুব বাচ্চু জানান, এবার ঈদে মাছরাঙা টিভি ছাড়া এলআরবি দেশ টিভি, আরটিভি ও এসএ টিভিতে লাইভ অনুষ্ঠানে গান করবে।