এলআরবির চিঠি গ্রহণ করেনি বামবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) থেকে এলআরবির সদস্যপদ প্রত্যাহারের চিঠি গ্রহণ করেনি বামবা। গতকাল সোমবার বিকেলে বামবার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বামবার একটি সূত্র জানিয়েছে, বামবার অন্তর্ভুক্ত সদস্যদের যেকোনো সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমাধান করা হয়। ইতোপূর্বে অনেক বড় সমস্যার সমাধান এভাবেই হয়েছে। যে কারণে এলআরবি বামবার সদস্যপদ প্রত্যাহার করছে, তা এলআরবির সদস্যদের সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব। সেই চেষ্টাই করা হচ্ছে।
গত শুক্রবার বামবা থেকে সদস্যপদ প্রত্যাহার করে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবি। বামবা কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘১৪ মার্চ থেকে আমরা এলআরবি ব্যান্ডের সদস্যরা বামবা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। অনিবার্য কিছু কারণ আর অমীমাংসিত একাধিক বিষয়ের পরিপ্রেক্ষিতে বামবা থেকে সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
চিঠিতে এলআরবির পক্ষে স্বাক্ষর করেন আইয়ুব বাচ্চু।