এলআরবির যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ থেকে ২০১২ সাল। স্পর্শ থেকে যুদ্ধ। মাঝে চার বছর। এই পুরো সময় নিজেদের পুরোনো আর জনপ্রিয় গানগুলোই এলআরবি গেয়েছে কনসার্টে আর টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে। নিজেদের নতুন অ্যালবাম কিংবা নতুন গান নিয়ে এ সময় এলআরবির বক্তব্য ছিল—‘করছি, হচ্ছে, হবে।’কিন্তু কবে?‘হবে হবে।’ এলআরবির আশ্বাস।নতুন অ্যালবাম আর গানের ব্যাপারে আগে থেকে তেমন কোনো প্রচার-প্রচারণা করেনি এলআরবি। কাজ হয়েছে অনেকটা চুপিসারেই, মগবাজারে নিজেদের স্টুডিওতে। এলআরবি যে ধরনের গান করে, ঠিক তেমনি ধাঁচের ৩০টি গান তৈরি হলে অনেক বেছে ১০টি গান আলাদা করা হলো। এলআরবির আইয়ুব বাচ্চুর মতে, সেরা ১০ গান।নামও চূড়ান্ত হলো, যুদ্ধ। বাচ্চু বললেন, ‘অ্যালবামের একটি গানের শিরোনাম থেকে নামটি নিয়েছি, যুদ্ধ। যুদ্ধের ভয়াবহতা কী, তা আমরা জানি! আমরা আর যুদ্ধ চাই না। আমাদের এই নতুন অ্যালবামের ভাবনা হলো—যুদ্ধ নয়, শান্তি চাই।’অ্যালবাম তৈরি হলো; কিন্তু তা শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে। সঙ্গে আছে ভয়—পাইরেসি হওয়ার আতঙ্ক। শুরু হলো আরেক যুদ্ধ। এলআরবির এই যুদ্ধ নকলবাজ আর মুখোশধারী উদ্যোক্তাদের বিরুদ্ধে, যারা শিল্পীদের কাছ থেকে বিনা পয়সায় অ্যালবাম নিয়ে নিচ্ছে।অডিও সিডিতে নয়, এলআরবির ত্রয়োদশ অ্যালবাম এল মুঠোফোনে। ১৩ আগস্ট থেকে বাংলালিংকের মিউজিক স্টেশনে ৫৮৫৮ নম্বরে শোনা যাচ্ছে গানগুলো। তবে সব শ্রোতার জন্য রয়েছে আশার খবর, অডিও সিডিতেও শোনা যাবে যুদ্ধর গান। প্রযোজনা প্রতিষ্ঠানও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অ্যালবামটি বাজারে আসবে আগামী ৬ অক্টোবর। বাচ্চু জানান, সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন তাঁরা।নতুন অ্যালবাম নিয়ে এলআরবির সদস্যদের সঙ্গে কথা হবে। আইয়ুব বাচ্চু আমন্ত্রণ জানালেন মগবাজারে, তাঁর স্টুডিও এবি কিচেনে। আইয়ুব বাচ্চু কিছু লিখছেন, মাসুদ ফেসবুক দেখছেন, স্বপন মেইল পড়ছেন, রুমেল ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছেন।ফেসবুকের কথা উঠতেই বাচ্চু বললেন, ‘ফেসবুকে অনেক সময় দিতে হয়। নেশা হয়ে যায়। আবার কাকে বন্ধু হিসেবে নেব, কাকে নেব না—এসব আমার পছন্দ নয়। তাই আমি ফেসবুকে যাইনি। ভক্ত আর শ্রোতাদের সঙ্গে আমার যোগাযোগের জায়গা মঞ্চ আর টিভির লাইভ অনুষ্ঠান।’জানালেন, কেউ যদি আইয়ুব বাচ্চুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে চান, তাঁর খবর পেতে চান, তা হলে যেকোনো মুঠোফোন থেকে AB START লিখে ৩৩৩৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এতে প্রতিদিন পাওয়া যাবে আইয়ুব বাচ্চুর নানা খবর কিংবা তাঁর ভাষ্য।ভক্তদের জন্য বাচ্চু কী লিখেছেন? বাচ্চু বললেন, ‘যদি পাসপোর্ট উঠে যায়, তা হলে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে আর কোনো বাধা থাকবে না।’এমন ভাবনা তৈরি হলো কেন? বাচ্চু বললেন, ‘মানুষের জীবন মুক্ত পাখির মতো হওয়া উচিত। আর কত দিন তারা শৃঙ্খলাবদ্ধ থাকবে? এই শৃঙ্খলের জন্যই যত অনাসৃষ্টি হচ্ছে।এল গানের প্রসঙ্গ। নতুন অ্যালবামের ১০টি গান, কিন্তু বাচ্চুর পছন্দ কোনটি?এক মুহূর্ত সময় না নিয়ে বাচ্চু বললেন, ‘“যুদ্ধ বন্ধ করো”, “রাত বেড়ে যায়”, “পুরোটোই ফাঁকি” আর “যে চলে যায়” গানগুলো। এবার আমরা গানের বিষয় নির্বাচনে কিছু সমস্যার কথা বলতে চেয়েছি। আমরা যুদ্ধ বন্ধ করতে এবং মাদককে “না” বলার জন্য আহ্বান জানিয়েছি।’এলআরবির প্রথম অ্যালবাম এলআরবি (১৯৮১)। মাত্র ২১ দিনে ২১টি গান রেকর্ড করা হয়েছিল। সবকটি গানই ছিল অ্যালবামে। এবার কেন চার বছর লাগল? বাচ্চু বললেন, ‘পাইরেসি একটা বড় সমস্যা। এখন প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর আচরণও পাল্টে গেছে। নিজের পকেটের টাকা খরচ করে অ্যালবাম তৈরি করে তাদের হাতে দিতে হবে। এভাবে কি সম্ভব? শেষ পর্যন্ত শ্রোতা আর ভক্তদের কথা ভেবেই অ্যালবামটি তৈরি করেছি।’এলআরবি সম্প্রতি গিয়েছিল ইতালির মনজা শহরে। প্রবাসী বাংলাদেশিরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওখানে। বাচ্চু জানান, ১৫ সেপ্টেম্বর তাঁরা গান করেছেন কলকাতায় নজরুল মঞ্চে। ওটা ছিল ত্রিদেশীয় কনসার্ট ‘সাউন্ড অব পিস’। আয়োজন করে আমেরিকান সেন্টার। এখানে অংশ নেয় পাকিস্তানের রেথ, ভারতের সুরজ জাগান আর বাংলাদেশ থেকে এলআরবি। একই মঞ্চে, একই দিনে তিনটি জনপ্রিয় ব্যান্ড গান করে।এলআরবির সব সদস্যই এখন ব্যস্ত শুধু গান নিয়ে। আজকের প্রেক্ষাপটে তা কতটা বাস্তবসম্মত? বাচ্চু বললেন, ‘গান গেয়েই জীবনটা শেষ করতে চাই। তাতেই আমাদের আনন্দ। অনেক প্রাচুর্য নেই—এটা সত্যি; কিন্তু এই ভেবে মনে অনেক শান্তি পাই—আমাদের ঘুষ খেতে হয় না, দুর্নীতির আশ্রয় নিতে হয় না কিংবা কাউকে মিথ্যা প্ররোচনা দিতে হয় না। যেভাবে আছি, সেভাবেই থাকি না!’