এলআরবির ১৯ বছর পূর্তি উদ্যাপন
৫ এপ্রিল ছিল এলআরবির জন্মদিন। এবার ১৯ বছর পূর্তি হলো ব্যান্ডটির। এ উপলক্ষে গুলশানের এক রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্যাপন করেছেন ব্যান্ডের সদস্যরা।এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু বললেন, ‘এলআরবির মতো আমার বিয়ের বয়সও ১৯ বছর। এই কয়েক বছর ব্যান্ডকে যতটা সময় দিয়েছি, আমার পরিবারকেও ততটা দিতে পারিনি। অনেক কষ্টের ফসল এই ১৯ বছর। যাদের এত দিন বিভিন্ন সময়ে, বিপদে-আপদে, প্রয়োজনে পাশে পেয়েছি, তাদের জন্যই আজকের এ আয়োজন।’আইয়ুব বাচ্চু আরও বললেন, ‘শ্রোতারাই আমাদের সব শক্তির উৎস। তাদের ভালোবাসাতেই এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে। শ্রোতারা যত দিন চাইবে, তত দিন এভাবেই গান করে যাব।’এ সময় আইয়ুব বাচ্চুর সঙ্গে আরও ছিলেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য স্বপন এবং বর্তমান সদস্য রোমেল ও মাসুদ।অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী বছর এলআরবির ২০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে এখন থেকেই বড় কিছু করার পরিকল্পনা করা হচ্ছে।আইয়ুব বাচ্চু জানান, তাঁর গিটার-বাদন নিয়ে ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম সাউন্ড অব সাইলেন্স শিগগিরই বাজারজাত করবে লেজার ভিশন।