এলআরবির ‘যুদ্ধ’ এবার সিডিতে
মুঠোফোনের পর এবার সিডি আকারে প্রকাশিত হচ্ছে জনপ্রিয় ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম ‘যুদ্ধ’। ‘যুদ্ধ’ অ্যালবামটি কাল বৃহস্পতিবার শ্রোতাদের হাতে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য আইয়ুব বাচ্চু। অ্যালবামটি বাজারে আনছে ডেডলাইন মিউজিক।আজ বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘যুদ্ধ’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে এলআরবির সদস্যরা ছাড়াও বাংলালিংক ও ডেডলাইন মিউজিকের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন।এলআরবির সর্বশেষ অ্যালবাম ‘স্পর্শ’ প্রকাশিত হয় ২০০৮ সালে। চার বছর পর শ্রোতাদের হাতে নতুন অ্যালবাম তুলে দিতে পারছেন ভেবে আইয়ুব বাচ্চু বেশ আনন্দিত। তিনি বলেন, ‘১৩ আগস্ট থেকে বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে শোনা যাচ্ছে এলআরবির ‘যুদ্ধ’ অ্যালবামের গানগুলো। কাল সিডি আকারে অ্যালবামটি চলে যাবে শ্রোতাদের হাতে হাতে।’ অ্যালবামের নাম প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বললেন, ‘যুদ্ধের ভয়াবহতা কী, তা আমরা জানি। আমরা আর যুদ্ধ চাই না। আমাদের এই অ্যালবামের ভাবনা হলো—যুদ্ধ নয়, শান্তি চাই।’অ্যালবামের গান প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘একেবারে নতুন ১০টি গান। এলআরবির গান যে রকম, সে রকমই হয়েছে। তবে “যুদ্ধ” নিয়ে আমাদের অনেক স্বপ্ন। গানগুলো নিয়ে অনেক দিন খেটেছি।’এ অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন সাজ্জাদ হুসাইন। রক ঘরানার গানগুলোর শিরোনামের মধ্যে রয়েছে—‘যুদ্ধ’, ‘আবার যুদ্ধে যাব’, ‘অন্ধকার’, ‘অন্ধ’, ‘একটি ছেলে’, ‘আগুন নিয়ে খেলো না’, ‘সাপলুডু’, ‘পুরোটাই ফাঁকি’, ‘যে চলে যায়’ প্রভৃতি।এলআরবি দলের বর্তমান সদস্যরা হলেন: আইয়ুব বাচ্চু (ভোকাল, লিড গিটার), মাসুদ (গিটার), স্বপন (বেস), রুমেল (ড্রামস)।