এলটন জন হাসপাতালে
গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী স্যার এলটন জন। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর চিকিত্সকেরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পরামর্শ অনুযায়ী আগামী সাত দিন গান গাওয়া বারণ এই বিশিষ্ট সংগীতশিল্পীর।এর ফলে লাসভেগাসের সিজার্স প্যালেসে অনুষ্ঠিতব্য চারটি কনসার্ট বাতিল করতে হচ্ছে ৬৫ বছর বয়সী এ সংগীতশিল্পীকে। এ প্রসঙ্গে এলটন জনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের সান জানিয়েছে, ‘মিলিয়ন ডলার পিয়ানো কনসার্টে অংশ নিতে না পারায় খুব খারাপ লাগছে। এ জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই আমার। এই কনসার্টে গান গাইতে পারলে খুবই ভালো লাগত। আশা করছি, সামনের অক্টোবরে ১১তম মিলিয়ন ডলার পিয়ানো কনসার্ট সম্পন্ন করতে পারব।’ উল্লেখ্য, মিলিয়ন ডলার পিয়ানো কনসার্টের নামকরণ করা হয়েছে এলটন জনের ব্যবহূত বিশেষ একটি পিয়ানো থেকে। চার বছরেরও বেশি সময় নিয়ে এক মিলিয়ন ডলারের বিনিময়ে এলটন জনের জন্য পিয়ানোটি তৈরি করেছিল ইয়ামাহা।