এলভিনের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসনুভা এলভিন
তাসনুভা এলভিন

২০০৯ সালের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তাসনুভা এলভিন। পাশেই মোশাররফ করিমের ফটোশ্যুট হচ্ছে। চারদিকে ভিড়। ছোট পর্দা আর বড় পর্দার এই নায়কের দারুণ ভক্ত এলভিন। তিনিও তাকিয়ে আছেন ফটোশ্যুটের দিকে। মোশাররফ করিমের একটা অটোগ্রাফ তাঁর চাই-ই চাই। কিন্তু ভিড় ঠেলে প্রিয় তারকার কাছ পর্যন্ত পৌঁছাতে পারেননি সেদিন।
মাত্র বছর পাঁচ-ছয়েক পরের ঘটনা। এই মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন এলভিন। ঈদের জন্য তৈরি হয়েছে নাটকটি। নাম জামাই শ্বশুর। এই অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘এলভিস প্রিসলির মতো না হোক, আমার ভাগ্য কিন্তু ভালোই।’
এলভিন ছোটবেলা থেকেই জাহিদ হাসানেরও ভক্ত। এখন জাহিদ হাসানের সঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন। নাম উড়ামন। প্রচারিত হচ্ছে আরটিভিতে।
এলভিন জানালেন, তিনি টিভিতে কাজ করছেন, এ ব্যাপারে তাঁর মা ফেরদৌসি হকের আগ্রহ বেশি। ছোটবেলায় মা তাঁকে নিয়ে যান বিটিভির প্রতিযোগিতামূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’তে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মায়ের আগ্রহে ২০১০ সালে অংশ নেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা’য়। টিকে ছিলেন সেরা ১৫ পর্যন্ত। এর জন্য এখনো আফসোস হয় তাঁর। বললেন, ‘ওই সময় অসুস্থ হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত যদি থাকতে পারতাম।’
তবে এখন আর তাঁর কষ্ট নেই। কারণ বেশ দাপটের সঙ্গে কাজ করছেন ছোট পর্দায়। ২০১০ সালে শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। বৈশাখী টিভির রিয়েলিটি শো ‘অন্য আলোর গান’। এরপর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।
মডেলিংয়ের পাশাপাশি অংশ নেন টিভি নাটকে। অভিনয়ের শুরুটা হয়েছিল তাহের শিপনের হাত ধরে। নাটকের নাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। একই পরিচালকের ভেঙে যাওয়া স্বপ্নগুলো ধারাবাহিকেও কাজ করেছেন। এখন ব্যস্ত জাহিদ হাসানের উড়ামন আর সবুর খানের দাগ ধারাবাহিক নিয়ে।
হুমায়ূন আহমেদের লেখা নিয়ে তৈরি নাটকে কাজ করতে চান তিনি। অভিনয় করতে চান চলচ্চিত্রেও। তাঁর প্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আর রেদওয়ান রনি।
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি বিবিএ শেষ করেছেন এলভিন। বাবা ফজলুল হক ব্যবসায়ী। চাকরি কিংবা ব্যবসা করার ইচ্ছা নেই তাঁর। বললেন, ‘আমার স্বপ্ন নায়িকা হব।’