এলভিনের 'হাউ কাউ শো'

নাটকের পাশাপাশি ঈদে নতুন রূপে পর্দায় হাজির হবেন মডেল ও অভিনেত্রী এলভিন। ‘হাউ কাউ শো’ নামে সাত পর্বের একটি কমেডি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন এই লাক্স তারকা। আর এর মধ্য দিয়ে ঈদের সাত দিন আরটিভির দর্শকের সঙ্গে থাকবেন তিনি।
নাটকে অভিনয়, বিজ্ঞাপনে মডেল—এবার এলভিন করছেন উপস্থাপনা। বললেন, ‘সাধারণত উপস্থাপনার কাজ করি না। ভালো কাজ হলে করতে চাই। এই অনুষ্ঠানটি একটু আলাদা মনে হয়েছে। অনেক মজাও হবে। তা ছাড়া ঈদের সময় সাত দিনই দর্শকের সঙ্গে থাকতে পারব। তাই করছি।’
সেই মজার অনুষ্ঠানটি কী ধরনের?
এলভিন বলেন, কোরবানির ঈদের সময় হাটে গিয়ে গরু কেনার আনন্দ, বিড়ম্বনা—এই দুটো বিষয় নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হয়ে স্টুডিওতে আসবেন অভিনয়শিল্পী মীর সাব্বির, সুমন পাটোয়ারী, শখ, নোভা ও কণ্ঠশিল্পী হায়দার হোসেন। গরুর হাট থেকে অনুষ্ঠানে যোগ দেবেন আর জে রাজু, শামীম আহমেদ ও হিরো আলম।
অনুষ্ঠানটির প্রযোজক নুর হোসেন হীরা জানান, ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টায় প্রচার হবে ‘হাউ কাউ শো’।