এলিজাবেথ টেলরকে উৎসর্গ
‘ঈশ্বর তোমার মঙ্গল করুন, এলিজাবেথ। ঈশ্বরই জানেন, তোমার জায়গায় কাকে বসাব আমরা।’ স্যার এলটন জনের এই উচ্চারণ সদ্যপ্রয়াত হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেলরের উদ্দেশে। এলিজাবেথের মৃত্যুর ঠিক ঘণ্টাখানেক বাদে পেনসিলভানিয়ায় এক কনসার্টে অংশ নিয়েছিলেন জন। সেখানেই নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেছেন, ‘আজ আমি এক বন্ধুকে হারিয়েছি, আপনারা হারিয়েছেন এক নায়ককে। তাই আজ এই দিনটি ভীষণ বিষাদময়।’ আমৃত্যু এইচআইভি/এইডস-দুর্গত মানুষের পাশে থাকা এলিজাবেথের ব্যাপারে জন বলেন, ‘এইডসের ব্যাপারে যখন আর কেউ দাঁড়ানোর জন্য প্রস্তুতও হতে পারত না, তখন তিনি ঠিক ঠিক দাঁড়িয়ে যেতেন।’ প্রিয় মানুষটির জন্য নিজের একটি গান ‘ডোন্ট লেট দ্য সান গো ডাউন অন মি’ উৎসর্গ করেছেন জন, ‘এটা তোমাকে এবং তোমার চমৎকার স্মৃতি, যাদের তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বাঁচিয়েছিলে তাদের উদ্দেশে।’