এলিটা এখন
গত কয়েক মাসে এলিটার জীবনে দুটো ব্যাপার ঘটেছে। তাঁর ভাষায়, ‘একদম সিভিতে (জীবন বৃত্তান্ত) লিখে রাখার মতো। এক. জাতীয় সংসদ ভবনের সামনে বাংলাদেশের সংগীতশিল্পীদের সঙ্গে জাতীয় সংগীত গাওয়া। দুই. বিশ্বকাপের প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়া।‘আমি স্বপ্ন দেখতাম স্টেডিয়াম-ভর্তি মানুষের সামনে গান করছি। এবার যেন ইতিহাসের অংশ হয়ে গেলাম।’ বলেন এলিটা।আরও একটা নতুন ব্যাপার—ব্যস্ততা। এই ব্যস্ত জীবনটাও এলিটার কাছে নতুনই। সাংবাদিকতায় দায়িত্ব বেড়েছে অনেক। ডেইলি স্টার-এর ‘ক্যাম্পাস’ ম্যাগাজিনটির সম্পাদক হিসেবে কাজ করছেন। ‘নতুন দায়িত্বটা খুব উপভোগ করছি। কিন্তু আমার লেখালেখি প্রায় বন্ধই হয়ে গেছে। সে জন্য খারাপও লাগে।এ ছাড়া একক অ্যালবামের কাজও চলছে। এ বছর মাঝামাঝি প্রকাশ পাবে অ্যালবামটি।‘আমার মনে হয়, আমি খুব অলস। সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। এ ছাড়া দিনের বড় একটা সময় কেটে যায় ট্রাফিক জ্যামে আটকে থেকেই।’ বললেন এলিটা।এর মাঝেও অনেক কাজই করা হয়ে গেছে এলিটার। কিছুদিন আগে অভিনয় করলেন মুকিম ব্রাদার্স ধারাবাহিকটিতে। বিশ্ববিদ্যালয়ে থিয়েটার করতেন এলিটা। মঞ্চে ভালো কিছু কাজ করার স্বপ্ন ছিল। তবে গান, সাংবাদিকতার ব্যস্ততায় সেদিকে আর মন দিতে পারেননি। তিনি বলেন, ‘একসময় প্রস্তাব এল অভিনয় করার। মুকিম ব্রাদার্স-এর পরিচালক আশফাক নিপুণ আমার বন্ধু, যাঁরা অভিনয় করছেন—অপু ভাই, তিশা তাঁদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক। আগে থেকেই দেখতাম ধারাবাহিকটি। ভেবেছিলাম খুব মজা করে কাজ করব।‘তবে সেটে গিয়ে মজার চেয়ে টেনশনই বেশি হচ্ছিল। আগে শুনেছি নিপুণ খুব কড়া পরিচালক। ওর সেটে কেউ হাই তুললেও খেপে যায়। এই ভয়ে তো দুই দিন ভাত খেতেও পারিনি। তবে একবার যখন কামেরা চালু হয়, এসব কিছুই উবে গেল।’খুব পরিকল্পনা করে কখনোই তেমন কিছু করা হয় না এলিটার। নিজের ভালো লাগা, বন্ধুদের অনুরোধ—এসব থেকেই মূলত কাজ করেন। অভিনয়টাও তেমন। ‘এর আগেও অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এখনো পাই। সবকিছু মিলে গেলে হয়তো আবার অভিনয় করব।’ জানালেন এলিটা।এর মধ্যে একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। হূদয় খানের সঙ্গে আই লাভ ইউ নামের একটি চলচ্চিত্রে। ‘আমার মনে হয় আমার গলাটা ঠিক প্লেব্যাকের উপযোগী নয়। একটু ভারী গলা আমার। বাংলাদেশে এখনো প্লেব্যাকে এমন কণ্ঠের ব্যবহার কম।’প্লেব্যাকের কাজটা ভালো লেগেছে, তবে এটা আরও উপভোগ্য হতে পারত বলে মনে করেন এলিটা, ‘সিনেমায় গানটা কীভাবে ব্যবহার হচ্ছে, সেই দৃশ্যটা কেমন—এসব কিছুর অংশ হতে পারলে ভালো লাগত।’নতুন নতুন কাজ উপভোগ করেন এলিটা। আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার প্রমুখ শিল্পীর সঙ্গে যেমন কাজ করেছেন; তেমনি করেছেন হূদয় খান, মিলা—এঁদের সঙ্গেও। ‘আসলে কাজ করার জন্য ‘কমফোর্ট জোন’টাকে আমি খুব গুরুত্ব দিই। যেমন বাপ্পাদার (বাপ্পা মজুমদার) সঙ্গে আমার এত ভালো বোঝাপড়া, উনি যখনই ডাকেন, তখনই আমি কাজ করতে তৈরি। অর্ণবদা বন্ধুমানুষ। ওনার সঙ্গে খুব মজা করে কাজ হয়। পার্থদাকে (পার্থ বড়ুয়া) ভীষণ ভয় পাই। চেষ্টা করি ওনার কাজটা যতটা সম্ভব নিখুঁতভাবে করতে, যাতে ওনার বকা খেতে না হয়।’ বলেন এলিটা।সফট রক ধাঁচের কিছু গান নিয়ে নতুন একক অ্যালবাম করছেন এলিটা। এর সংগীত আয়োজন করছেন শাকের ও সন্ধি। এর পরই কাজ শুরু হবে এলিটার ব্যান্ড রিটেকের নতুন অ্যালবামের কাজ।গান নিয়ে আরও ভাবনা আছে এলিটার। রবীন্দ্রসংগীতের অ্যালবাম করতে চান, অর্ণবের রবীন্দ্রসংগীত শুনেই অনুপ্রাণিত হয়েছেন। করতে চান শিশুদের জন্য গান। শৈশবে শেখা দেশাত্মবোধক গানগুলো নতুন করে গাইতে চান।এত ব্যস্ততার মধ্যেও একটাই আক্ষেপ এলিটার—নিজেকে সময় দেওয়াটাই হচ্ছে না। ‘নিজের জীবনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। অনেক স্বাস্থ্যসচেতনও হয়েছি। এখন থেকে যোগব্যায়াম করব নিয়মিত। আর ফাঁক পেলেই ঘুরে বেড়াব।’