এলিটা-মাহাদির সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষ, সন্ধ্যা। সৈকতে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের দুরন্ত ঢেউ। খানিক দূরে গিটার হাতে বসে আছেন একজন শান্তশিষ্ট তরুণ। তরুণটির সঙ্গে ছোট একটা দলও আছে। ছোট সেই দলটি একজন রিকশাওয়ালাকে আবিষ্কার করল মুহূর্তেই। শান্ত তরুণটি হাত পাতলেন রিকশাওয়ালার দিকে, ‘১০টা টাকা দেন। গান শোনাব।’ তরুণের নির্বিকার ভঙ্গি দেখে ১০টি টাকা বাড়িয়ে দিলেন রিকশাওয়ালা। শুরু হলো তাঁর জন্য গান। সন্ধ্যার আলো-আঁধারিতে খানিক দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলেন আরেকজন। সব দেখে সেই দর্শক আবিষ্কার করলেন, গিটারওয়ালা ওই তরুণ আপাতদৃষ্টিতে শান্তশিষ্ট হলেও আসলে তিনি ‘একটা জিনিস’! মনে মনে স্বীকার করলেন, আর যা-ই হোক, এই ছেলে মোটেও শান্ত নন, দারুণ মজারু! এই তরুণের নাম মাহাদি এবং সৈকতে সেই সন্ধ্যায় মজারু মাহাদিকে যিনি আবিষ্কার করেছিলেন, তিনি এলিটা করিম। এলিটা-মাহাদি মানে, ‘আসমানের তারা জানে/ জানে জমিনের ফুল/ ভালোবেসে তোমায় করি নাই ভুল।’ হ্যাঁ, ব্যাপারটা এ রকমই। সংগীতপিপাসুদের কাছে এখন এই দুজনের নাম তুললেই উঠে আসে এমন কিছু গানের কথা। এর শুরুটা হয়েছিল অন্তহীন দিয়ে। অন্তহীন এলিটা-মাহাদি জুটির প্রথম অ্যালবাম (সেখানে তৃতীয় শিল্পী ছিলেন অদিত)। বেরিয়েছিল ২০০৯ সালে। মনে পড়ে সেখানকার কয়েকটি গানের কথা? নিশ্চিত ভুলে যাননি। ওই অ্যালবামে এলিটা-মাহাদির গাওয়া ‘অন্তহীন’, ‘নিঝুম রাত’ কিংবা ‘হূদয়’ গানগুলো পেয়েছিল তুমুল শ্রোতাপ্রিয়তা। বছর দুই গড়িয়ে গেছে, কিন্তু এখনো গানগুলো সমান আদৃত। অন্তহীন এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রিন্স মাহমুদের নির্বাচিতা অ্যালবামের ‘সবাই জানে’ গানগুলোর জনপ্রিয়তা সংগীতবাজারে এলিটা-মাহাদি জুটির সাফল্যই প্রমাণ করছে।হ্যাঁ, সংগীতমঞ্চে এলিটা-মাহাদি যে ভালো জুটি, তা স্পষ্ট প্রতীয়মান। গানের বাইরের মঞ্চের কী অবস্থা? ওই যে প্রথমে এলিটা-মাহদিকে দেখে যেমনটা ভেবেছিলেন, আমরাও ঠিক তেমনটাই ভাবছি, মাহাদি বেশ শান্তশিষ্ট একজন! কারণ, এলিটার পাশে মাহাদি একেবারে স্পিকটি নট! মুখে বিনম্র হাসি। তাই স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্নের উত্তরে প্রথমেই ব্যাট চালালেন এলিটা, ‘আমরা খুব ভালো বন্ধু। অন্তহীন অ্যালবামে গান গাওয়ার আগে মাহাদিকে চিনতাম, পরিচয় ছিল না। পরিচিত হওয়ার পর অ্যালবামে একসঙ্গে গাইলাম। এবং তারপর প্রায় নিয়মিতই স্টেজ শো করতে লাগলাম আমরা। মাঝে বিজ্ঞাপনের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছি দুজনে। তো তাতে করে কেবল মাহাদি আমার সহসংগীতশিল্পীই থাকেনি, হয়েছে বন্ধুও।’ এলিটার দিকে তাকিয়ে হাসেন মাহাদি, সম্মতিসূচক মাথা দুলুনির পরে বলেন, ‘হ্যাঁ, একদম সত্যি। গান নিয়ে তো অনেক আলাপ-আলোচনা করিই, সঙ্গে ব্যক্তিগত অনেক বিষয়ও শেয়ার করি আমরা।’ এলিটা আর মাহাদি একটা সুখবর জানালেন, শিগগির অন্তহীন-২ অ্যালবামের কাজ শুরু করছেন তাঁরা। দ্বৈত অ্যালবামের কাজের খবর পাওয়া গেল, একক অ্যালবাম নিয়ে কী ভাবছেন? বিশেষ করে, ক্যারিয়ারের এতটা সময় পেরিয়ে আসার পরও যখন এলিটার নামের পাশে কোনো একক অ্যালবাম নেই। হ্যাঁ, শিগগির একক অ্যালবাম আসছে তাঁর। এরই মধ্যে শেষ করেছেন কয়েকটি গানের কাজ। বন্ধু এবং সংগীতশিল্পী এলিটা সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বললেন, ‘বাংলাদেশে এলিটার কণ্ঠ ইউনিক। আমি ওর বড় ফ্যান।’ এলিটাও প্রশংসায় ভাসালেন মাহাদিকে, ‘মাহাদি গানটা শিখেই এসেছে। তবে ও বেশ বোকা, তাই ওর পারফরম্যান্স চাপা খেয়ে যাচ্ছে। মাহাদি কেমন বোকা বলি, ওকে হয়তো কেউ গান গাইতে বলল। ও গাইল, কিন্তু টাকা চাওয়ার সময় লজ্জা লজ্জা করবে! তবে সবচেয়ে বড় কথা হলো, ও মানুষ হিসেবে খুব ভালো।’