এলিটার নতুন ইনিংস

পরপর দুটি ঘটনা ঘটল এলিটার জীবনে। দুটিই সারা জীবন মনে রাখার মতো। প্রথমটি, নিজের একক অ্যালবাম প্রকাশ এলিটা নামেই। দ্বিতীয়টি...একটু অপেক্ষা করুন, দ্বিতীয় ঘটনাটি বলার আগে বরং আপনাদের স্মরণ করিয়ে দিই গত ২৯ মে দিনটির কথা। সেদিন সন্ধ্যায় এক রেস্তোরাঁয় ঘটেছে সে ঘটনা। বিনোদন বিষয়ে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা ইতিমধ্যেই জেনে গেছেন, কী ঘটেছিল সেদিন। আমরা বরং একটু রসিয়ে বিষয়টি বর্ণনা করি।
২৯ মে সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় যে আয়োজনটি হলো, তা নিয়ে এলিটার পরিকল্পনার শেষ ছিল না। রেস্তোরাঁর বাইরে তৈরি হবে ছোট্ট দুটি মঞ্চ। মঞ্চে থাকবে ছোট ছোট টেবিল আর চেয়ার। টেবিলের ওপর বড় আকারের মোমবাতি। প্রতিটি মঞ্চকে ঘিরে পানি। একটি মঞ্চে বসবেন এলিটা।
তাহলে অন্য মঞ্চটি কীসের জন্য? নাহ্! রসিয়ে রসিয়ে গল্প বলা যাচ্ছে না। দ্বিতীয় মঞ্চটির কথা যখন এসেছে, এখন বলতেই হবে, এই মঞ্চে বসবেন আশফাক নিপুণ। হ্যাঁ, নির্মাতা আশফাক নিপুণের কথাই বলা হচ্ছে। এ দিন ছিল এলিটা আর নিপুণের বিয়ে। এখানেই হলো বিয়ের সব আনুষ্ঠানিকতা। শেষে নিজের চেয়ার থেকে উঠে কাঠের সেতু দিয়ে নিপুণ গেলেন অন্য মঞ্চে। এলিটার কাছে। এলিটার অনামিকায় পরিয়ে দিলেন আংটি। রেস্তোরাঁর ভেতরে হলো গান। কারণ, এলিটা যে গানের মেয়ে!
এলিটাকে নিয়ে ‘আনন্দ’ পাতায় লেখা হবে। কথা বলার জন্য প্রথম আলো অফিসেই আসার কথা ছিল তাঁর। কিন্তু বিয়ের আয়োজন নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন তিনি যে কথা বলার ফুরসতই পাচ্ছিলেন না। একফাঁকে এসেছিলেন নিজের কাজের জায়গা ডেইলি স্টার-এ। সেখানেই গেলাম আমরা, অফিসের ক্যানটিনে বসে কথা হলো, আর ছবি তোলার জন্য আমরা বেছে নিলাম ডেইলি স্টার সেন্টারের ছাদটিকে।
বিয়ে-বিষয়ক রোমাঞ্চে ভরপুর এলিটা তখন। তাই আমরা শুরুতেই নিপুণের সঙ্গে তাঁর পরিচয়পর্বের কথাই জানতে চাই। আগেই আমরা জেনেছি, এলিটা যখন রাগা ব্যান্ডে গান করতেন, তখন থেকেই নিপুণ এলিটার একজন ভক্ত-শ্রোতা। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছিলেন। কিন্তু এলিটা তা গ্রহণ করেননি। এলিটা জানালেন, নিপুণের সঙ্গে তাঁর পরিচয় সাড়ে চার বছর আগে। তখন নিপুণ চ্যানেল আইয়ের জন্য একটি ধারাবাহিক নাটক তৈরি করছিলেন। নাম মুকিম ব্রাদারস। এই নাটকের শুটিংয়েই তাঁদের প্রথম কথা।
এ সময় এলিটা নিপুণের মুঠোফোন নম্বর নেন। কথা বলেন। এবং হ্যাঁ, এবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিতে কোনো সংকোচই ছিল না তাঁর।
: বিয়ের সিদ্ধান্তের জন্য এতটা সময় কেন নিতে হলো?
: কমিটমেন্টকে খুব ভয় পাই। আমি তো মিডিয়ায় কাজ করি। গান গাই। একটা সময় সিদ্ধান্ত নিলাম, বিয়ে তাকেই করব, যে আমার ভাবনাকে মূল্য দেবে, আমিও যার ভাবনাকে মূল্য দেব। আমরা একে অন্যের কাজকে শ্রদ্ধা জানাব।
: এ ব্যাপারে আপনারা এখন শতভাগ আত্মবিশ্বাসী?
: অবশ্যই।
বিয়ের আনন্দে নিজের অ্যালবামের কথা প্রায় ভুলতে বসেছেন এলিটা। কোথায় কথা হবে নতুন অ্যালবাম নিয়ে, তা না, ঘুরেফিরে সেই বিয়ের কথা!
সেই কবে থেকে গান করছেন! কিন্তু একক অ্যালবাম এল এ বছরের ২৪ মে! সুদূর ২০০২ সালে ব্ল্যাক ব্যান্ডের সদস্যদের সঙ্গে তাঁদের প্রথম অ্যালবাম আমার পৃথিবীর ‘মিথ্যা’ নামের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এলিটা। ব্ল্যাকের দ্বিতীয় অ্যালবাম উৎসবের পর-এ এলিটা কণ্ঠ দিয়েছেন দুটি গানে। একই সময়ে যুক্ত হন রাগা ব্যান্ডের সঙ্গে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মিলে গড়েছিলেন ব্যান্ডটি। বিয়ন্ড রাগা নামের একটি অ্যালবামও বের করেন তাঁরা।

কিন্তু একক অ্যালবাম? না, সেটা হয়ে ওঠেনি। এলিটার ভক্তরা অবশ্য মাহাদীর সঙ্গে করা বেশ কিছু দ্বৈত গানের কথা খুব মনে রেখেছেন। এ জুটির ‘হৃদয়’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’, ‘আসমানের তারা’ গানগুলো জনপ্রিয় হয়েছে। আসিফ ইকবালের লেখা আর অদিতের সুরে তাঁদের দ্বৈত কণ্ঠে গাওয়া গানের অ্যালবাম অন্তহীন।
এলিটা অ্যালবামটি বাজারে এনেছে জিরোনা এন্টারটেইনমেন্ট ও মাল্টিসোর্সিং লিমিটেড। এলিটা বললেন, ‘এই অ্যালবামের বেশির ভাগ গানই মেলোডি ধাঁচের।’
আমাদের আলোচনা আবার ঘুরে আসে এলিটা-নিপুণের দিকে। আশফাক নিপুণের দুটি টেলিফিল্মে গান করেছেন এলিটা। প্রথমটি ডিভোর্স, অন্যটি ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। এই দুটি গানই আছে এলিটা অ্যালবামে।
নির্মাতা আশফাক নিপুণের সঙ্গে ঘর বেঁধেছেন এলিটা। আমরা দেখেছি, নিপুণের কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। আমরা সেই এলিটার কথা এখন বলছি, যিনি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। মঞ্চে অভিনয় করেছেন মাউস ট্র্যাপ, টেমিং অব দ্য শ্রু আর ভদ্দরনোক নাটকে। দেশের বড় বড় মঞ্চে হয়েছে এগুলোর অভিনয়। গত বছরের ভালোবাসা দিবসে হোয়াই সো সিরিয়াস নাটকে অভিনয় করেছেন। পরিচালক আশফাক নিপুণ। তাহলে কি ক্যারিয়ারটা গান আর অভিনয়ের মধ্যে ভাগ করে দিতে যাচ্ছেন এলিটা?
আড্ডা শেষে লিফটের সামনে বিদায় জানানোর আগে হাসতে হাসতে এলিটা বললেন, ‘গানটাই করব। গানকে ঘিরেই আমার যত ভালোবাসা। যত স্বপ্ন।’