এলেন জ্যাকি জুনিয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার শ্রফ
টাইগার শ্রফ

মার্শাল আর্ট কিংবা কুংফু ছবির নাম নিলে প্রথমেই আসে ব্রুস লির ছবি। ব্রুস লির পরে যিনি মার্শাল আর্টসকে আরও জনপ্রিয় করে তোলেন এবং হলিউডের স্টুডিও চত্বরে ঢুকিয়ে দেন, তিনি হলেন জ্যাকি চ্যান। এশিয়ার প্রতিটি কুংফু তারকাই স্বপ্ন দেখেন জ্যাকি চ্যান হওয়ার। একই সঙ্গে অভিনেতা, মার্শাল আর্টিস্ট, পরিচালক, প্রযোজক, চিত্রলেখক এবং অ্যাকশন কোরিওগ্রাফার—এশিয়ার জনপ্রিয় এই তারকাটি ষাটে পৌঁছেও এখনো ষোলোর মতোই নবীন। বলিউডের গল্প বলতে এসে হঠাৎ জ্যাকির গল্প শুরু করলাম কেন বলুন তো? জ্যাকি চ্যান নতুন কোনো বলিউড ছবিতে আসছেন নাকি? আসছেন মানে, এসেই তো গেছেন। তবে এই জ্যাকি চ্যান হলিউডের সেই তিনি নন, বলিউড এবার এক নতুন জ্যাকি চ্যানকেই পেয়ে গেল বুঝি। মার্শাল আর্ট আর তাজ্জব করে দেওয়া যার শরীরের কেরামতি, এবার দেখাবে বলিউড। বিটাউনের এই নতুন জ্যাকি চ্যানের নাম টাইগার শ্রফ।
বাবা বলিউডের প্রখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফ। ভাবছেন নামের সঙ্গে জ্যাকি শব্দটা আছে দেখে ছেলেকে জ্যাকি চ্যান বানিয়ে দিলাম? গুগলে ঢুকে তরুণ জ্যাকি চ্যানের কোনো ছবি বের করে মিলিয়েই দেখুন না। জ্যাকি শ্রফ নয়, মনে হবে জ্যাকি চ্যানেরই জুনিয়র ভার্সন যেন এই ২৩ বছরের নতুন হিরো। শুধুই কি চেহারা আর ফিগারে? মিল দুজনের আদর্শেও। জ্যাকি চ্যানের মতোই টাইগার শ্রফের আদর্শ ও অনুপ্রেরণা কিংবদন্তির অ্যাকশন তারকা ব্রুস লি। সেই ছোট থেকেই মার্শাল আর্টসের পোকা ছিলেন টাইগার। বয়স যখন ১৯, টাইগার শুরু করলেন মার্শাল আর্টস আর জিমন্যাস্টিকসের ট্রেনিং। এরপর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে যখন বলিউডের অভিষেক ছবির সাইনটা করেই ফেললেন, টাইগার শুরু করে দিলেন পারকোরের ট্রেনিংটাও। পারকোর হলো এমন একটা কৌশল, যা শিখে স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে ওঠা যায়। সেই সঙ্গে টাইগারের অভিনয় থেকে সংলাপ, সংলাপ প্রক্ষেপণ থেকে ‘কাতিল’ চাউনি, সব কিছুরই দায়-দায়িত্ব বুঝে নিলেন স্বয়ং সাজিদ নাদিয়াদওয়ালাই। দিন-রাত এক করে ছবির মহড়া সম্পন্ন করে টাইগার যখন একদম রেডি, পরিচালক সাব্বির খান এর পরেই বলেছিলেন ‘অ্যাকশন’।

হিরোপান্তি ছবিতে টাইগার শ্রফ ও কৃতি শ্যানন
হিরোপান্তি ছবিতে টাইগার শ্রফ ও কৃতি শ্যানন

গত শুক্রবার মুক্তি পেয়েছে টাইগার শ্রফের সেই প্রথম বলিউড ছবি হিরোপান্তি। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এ ছবিটি মুক্তির আগেই ছবির ট্রেলারসহ বিভিন্ন প্রচারের সুবাদে বলিউডে ভালোই গর্জন তুলেছিলেন টাইগার। ছবিটির ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে টাইগারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মিস্টার পারফেকশনিস্ট তারকা আমির খান বলেছিলেন, ‘বলিউডের দিগন্তে টাইগার হবে নতুন সুপারস্টার।’ ছবি মুক্তির পর সেই কথাই যেন টুইট-রিটুইট করেছেন সুভাষ ঘাই, ফারাহ খান, রনদিপ হুদা, শিল্পা শেঠিসহ আরও অনেকে। মুক্তির প্রথম দুদিনেই বক্স অফিস থেকে প্রায় ১৩ কোটি রুপি তুলে নিয়েছে ছবিটি। ছবিতে টাইগারের বিপরীতে রয়েছেন মডেল ও অভিনেত্রী কৃতি শ্যানন। তেলেগু একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও হিরোপান্তি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে কৃতির। এদিকে সাজিদ নাদিয়াদওয়ালার আরেকটি ছবিতেও সাইন করে ফেলেছেন টাইগার। শুধু সাজিদ নয়, করন জোহরের নতুন এক ছবিতেও প্রধান চরিত্রে দেখা যাবে টাইগারকে। অভিনয়ের পাশাপাশি টাইগার ব্যস্ত হয়ে পড়েছেন মডেলিংয়েও। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে আর্চিস ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেন সালমান খান। সালমানকে হটিয়ে শ্রফ জুনিয়রই এখন ভারতে আর্চিস ব্র্যান্ডের নতুন মুখ হতে যাচ্ছেন। সব দিক সামলে ঠিকমতো কাজ করে গেলে সামনের দিনগুলোয় হয়তো বলিউডে রাজত্ব কায়েম করতে খুব বেশি বেগ পেতে হবে না জেনারেশন নেক্সটের এই নতুন প্রতিনিধিকে। এখন শুধু সময়ের অপেক্ষা, টাইগারের বলিউড যাত্রা কেবল তো শুরু।
সাজিদুল হক
বলিউড হাঙ্গামা, জি নিউজ, ওয়ান ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপেডিয়া অবলম্বনে