এলোমেলো জেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

পুরো ছবির শুটিং হয়েছে মাত্র ২৫ দিনে। আর খরচ? ‘মাত্র’ ৪০ লাখ ডলার! ছবির নাম দ্য বয় নেক্সট ডোর। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৩ জানুয়ারি। এই ছবি নিয়ে জেনিফার লোপেজের (জেলো) আক্ষেপের শেষ নেই। ভালো অ্যানিমেশন ব্যবহারের সুযোগ হয়নি, টাকার টানাটানিতে নাকি ছবির জন্য নতুন পোশাকও কিনতে পারেননি।

দ্য বয় নেক্সট ডোর
দ্য বয় নেক্সট ডোর

আহা, কী দৈন্যদশা! ৪০ লাখ ডলার আপনার কাছেও কম মনে হবে; যখন জানবেন, জেনিফার লোপেজের আগের ছবি পার্কার-এর বাজেট ছিল সাড়ে তিন কোটি ডলার। যুক্তরাষ্ট্রের এই গায়িকা-অভিনেত্রীর পারিশ্রমিকও দ্য বয় নেক্সট ডোর-এর বাজেটের চেয়ে বেশি।
এত কম বাজেটের ছবিতে অভিনয় করতে রাজি হলেন কেন? কারণ, জেলো ছবিটির অন্যতম প্রযোজক। স্কুলশিক্ষক ক্লেয়ার পিটারসনের চরিত্রে তিনি কতটা সফল হলেন, সে বিচার নাহয় থাক। তবে প্রযোজক হিসেবে নিজেকে বাহবা দিতেই পারেন। বক্স অফিস বলছে, এরই মধ্যে দ্য বয় নেক্সট ডোর বাজেটের প্রায় পাঁচ গুণ লাভ তুলে এনেছে।

পার্কার মুক্তি পেয়েছিল ২০১৩ সালে, সর্বশেষ অ্যালবাম এ.কে.এ বেরিয়েছে গত বছরের জুন মাসে। দ্য বয় নেক্সট ডোর দিয়ে দাপটের সঙ্গেই ভক্তদের কাছে ফিরলেন আমেরিকান আইডলের অন্যতম বিচারক জেলো।
অসমবয়সী প্রেম আর থ্রিলারধর্মী গল্প নিয়ে দ্য বয় নেক্সট ডোর। স্বামীর সঙ্গে সদ্য ছাড়াছাড়ি হওয়া একজন স্কুলশিক্ষক ক্লেয়ার পিটারসন। একলা জীবনের সঙ্গে তখনো ঠিক মানিয়ে নিতে পারেননি। এমন সময় ক্লেয়ারের পরিচয় হয় পাশের বাড়ির এক তরুণের সঙ্গে। দুই বাড়ির মাঝখানে এক রাস্তা দূরত্ব, ১৯ বছর বয়সী নোয়াহ স্যান্ডবর্নের (রায়ান গুজম্যান) সঙ্গে এক রাতে সেই দূরত্বটুকুও দূর হয়ে যায়। সকাল থেকেই ক্লেয়ার ভুল বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ক্লেয়ার তখনো বুঝতে পারেননি, কার পাল্লায় পড়েছেন। ধীরে ধীরে বেরিয়ে আসে পাশের বাড়ির ছেলেটার আসল রূপ। সন্তানকে সঙ্গে নিয়ে জীবনটা যখন গুছিয়ে নেবেন ভেবেছিলেন, তখনই একটা ভুলের জন্য ক্লেয়ারের সব এলোমেলো হয়ে যায়।

জেলোর মতে, ছবির গল্পে একটা ‘স্ট্রং মেসেজ’ আছে, ‘ভুল থেকেই মানুষ শেখে। বিপদের সময় মান-অভিমান ভুলে পরিবারের সবার একসঙ্গে থাকাটাই বড়।’
ছবিতে ১৯ বছর বয়সী তরুণের চরিত্রে অভিনয় করলেও রায়ান গুজম্যানের বয়স ২৭। জেনিফার লোপেজ যখন তাঁর প্রথম ছবিতে অভিনয় করেছেন, রায়ানের তখন জন্মও হয়নি! নিজের বয়সের চেয়েও বেশি যার অভিনয়ের বয়স, তাঁর সঙ্গে অন্তরঙ্গ হতে অস্বস্তি হয়নি? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রায়ান পুরোদস্তুর প্রফেশনাল। ‘শুটিংয়ের সময় অভিনয়ের দিকেই ছিল পূর্ণ মনোযোগ। তবে বাসায় ফিরে ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না, সত্যিই জেনিফার লোপেজের সঙ্গে কাজ করছি!’ বললেন স্টেপ আপ ছবির তারকা রায়ান গুজম্যান। ওদিকে জেলো এসব বয়স-টয়সের থোড়াই কেয়ার করেন। নিন্দুকেরা এমনটাও বলছেন, ‘পাশের বাড়ির ছেলে’ খোঁজার ছুতোয় এই ‘সিঙ্গেল’ তারকা আদতে নিজের জন্য একজন সঙ্গী খুঁজছিলেন!
ডেইলি মেইল অবলম্বনে