এশার বিয়ে-পরবর্তী অভ্যর্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন এশা দেওল ও ভারত তাখতানি। শনিবার রাতে হয়ে গেল সেই উপলক্ষে অভ্যর্থনা। মেহেদি ও সংগীতের অনুষ্ঠানে লুকোচুরি খেললেও বাবা ধর্মেন্দ্র ঠিকই উপস্থিত ছিলেন মেয়ের বিয়ে-পরবর্তী অভ্যর্থনায়। তবে ছিলেন না এশার দুই সৎভাই ববি দেওল ও সানি দেওল। বলিউডের পুরোনো-নতুন অনেক তারকাই সাড়া দিয়েছিলেন নিমন্ত্রণে। প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ছিলেন মুম্বাইয়ের পাঁচ তারা হোটেলের ওই অনুষ্ঠানে। এসেছিলেন সায়রা বানু, জিতেন্দ্র, সঞ্জয় খান, রেখা ও জিনাত আমান। বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, সুস্মিতা সেন, টাবু, কাজল আর শ্রীদেবী এলেও দেখা যায়নি এশার একসময়ের প্রাণের বন্ধু কারিনা কাপুরকে। এশার বিয়ে-উদ্যাপন দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সালমান খান। আর সবার মতো তিনিও শুভকামনা জানিয়েছেন নতুন এই দম্পতিকে। এনডিটিভি ও জি নিউজ ব্যুরো।