এশিয়ার দুটি উৎসবে ‘টেলিভিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের সিনেম্যানিলা এবং হংকংয়ের এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘টেলিভিশন’। আজ শুক্রবার সকালে ফারুকী জানান, তাঁর ছবিটি ৫৫তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উত্সবে বেস্ট স্ক্রিন-প্লে (মোস্তফা সরয়ার ফারুকী ও আনিসুল হক) ও বেস্ট সিনেমাটোগ্রাফি (গোলাম মাওলা নবী) বিভাগের জন্য মনোনীত হয়েছে। ১৪ থেকে ১৬ ডিসেম্বর হংকংয়ের ম্যাকাওয়ে বসবে এই উৎসব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২০১২ সালে নির্মিত উল্লেখযোগ্য ছবিগুলো থেকে জুরি কমিটি ১৫টি বিভাগে বিভিন্ন ছবিকে মনোনয়ন দিয়েছে। সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়ে মনোনয়ন তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার চারটি চলচ্চিত্র। তাইওয়ান ও হংকংয়ের ছবি পেয়েছে আটটি করে মনোনয়ন। অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’, সুজয় ঘোষের ‘কাহানি’ এবং অনুরাগ বসুর ‘বারফি’ পেয়েছে ছয়টি মনোনয়ন। বাংলাদেশের আরেকটি ছবি হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ বেস্ট মিউজিক বিভাগে মনোনয়ন পেয়েছে। অ্যাওয়ার্ড নাইটে অংশ নিতে আনিসুল হক এবং গোলাম মাওলা নবী ১৩ ডিসেম্বর হংকং যাচ্ছেন। একই সময় দুবাই প্রতিযোগিতায় টেলিভিশন ছবিটি থাকায় মোস্তফা সরয়ার ফারুকী যেতে পারছেন না। এদিকে ৫ থেকে ১১ ডিসেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত হবে আরেকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘সিনেম্যানিলা’। উত্সবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে আরও আটটি ছবির সঙ্গে প্রতিযোগিতা করছে ‘টেলিভিশন’। ১১ ডিসেম্বর অ্যাওয়ার্ড নাইটে ঘোষণা করা হবে পুরস্কারপ্রাপ্ত ছবির নাম।