এশিয়া প্যাসিফিক স্ক্রিন প্রতিযোগিতায় ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কারের চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করার জন্য আমন্ত্রণ পেয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটি। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে চলতি বছরের ২ ডিসেম্বর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেওয়া হবে এ পুরস্কার। ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কারকে এখন বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের একটি হিসেবে বিবেচনা করা হয়। এশিয়ার চলচ্চিত্র নির্মাণকারী দেশগুলোতে স্থানীয় একটি কমিটি এ প্রতিযোগিতার জন্য ছবি নির্বাচন করে পাঠায়। বাংলাদেশ থেকে প্রতিবছর দুটি করে ছবি এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়া কখনো কখনো অনন্যসাধারণ বিবেচনা করলে আয়োজকদের পক্ষ থেকেও সরাসরি ছবি নির্বাচন করে আমন্ত্রণ জানানো হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই সম্মান পেয়েছে। যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে আটলান্টাভিত্তিক সিএনএন ইন্টারন্যাশনাল, প্যারিসভিত্তিক ইউনেসকো এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসারস অ্যাসোসিয়েশন।