এশিয়াটিক ফিল্ম মিডিয়ালে বাংলাদেশের তিন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষকাঁটা ছবির দৃশ্য
বিষকাঁটা ছবির দৃশ্য

১৭তম এশিয়াটিক ফিল্ম মিডিয়ালে প্রতিযোগিতা করছে বাংলাদেশি নির্মাতা ফারজানা ববির প্রামাণ্যচিত্র বিষকাঁটা। ইতালির রোমে অনুষ্ঠেয় এ উৎসবে দেখানো হবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র। রুবাইয়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন ও বাংলাদেশের প্রথম আদিবাসী ভাষায় নির্মিত অং রাখইনের মাই বাইসাইকেল ছবি দুটি প্রদর্শিত হবে উৎসবের প্যানারোমা বিভাগে।
উৎসবের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ‘এশিয়াটিক ফিল্ম মিডিয়াল’ শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর। চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, চীন, ফিলিপাইনসহ ২০টি দেশের ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ফারজানা ববির পরিচালনা ও রুবাইয়াত হোসেনের প্রযোজনায় তিন বীর নারী মুক্তিযোদ্ধা—রঞ্জিতা মল্লিক, রমা চৌধুরী আর হালিমা খাতুনের বর্তমান জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরও প্রতিদিনই তাঁদের নতুন যুদ্ধ তাড়া করে ফিরছে। সমাজে একটি সম্মানজনক স্থান পেতে প্রতিনিয়ত তাঁরা সংগ্রাম করে চলেছেন।
রুবাইয়াত হোসেন নির্মিত আন্ডার কনস্ট্রাকশন ছবির কাহিনিটি একজন মধ্যবিত্ত মুসলমান নারীকে নিয়ে। শহুরে সমাজে নিজেকে খুঁজে পেতে মরিয়া ওই নারী।
মাই বাইসাইকেল চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম আদিবাসী ভাষায় নির্মিত চলচ্চিত্র। অং রাখইন নির্মিত এই চলচ্চিত্রে সূক্ষ্ম ও কাব্যিকভাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।