এশিয়ান সিনেমা ফান্ড জিতল ফারুকীর ‘টেলিভিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড (এসিএফ) জিতল মোস্তফা সরয়ার ফারুকীর ছবি টেলিভিশন। মুক্তির অপেক্ষায় থাকা তাঁর ছবি টেলিভিশনকে ২০১২ সালের এশিয়ান সিনেমা পোস্ট-প্রোডাকশন ফান্ডের জন্য নির্বাচন করেছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একই বিভাগে এই পুরস্কার জিতেছেন ইরানের খ্যাতিমান নির্মাতা মোহসেন মাখমালবাফ, তাঁর দ্য গার্ডেনার ছবিটির জন্য।মোস্তফা সরয়ার ফারুকী বলছিলেন, ‘এ রকম বড় স্বীকৃতি পেলে অবশ্যই আরাম লাগে। তবে এটা আরও কয়েক গুণ বেড়ে গেছে পুরস্কারের তালিকায় মোহসেন মাখমালবাফের নামটা দেখে। তাঁর মতো কিংবদন্তি পরিচালকের নামের পাশে নিজের নাম দেখতে পারার মধ্যে অদ্ভুত লজ্জা মিশ্রিত আনন্দ রয়েছে।’একই ক্যাটাগরিতে নির্বাচিত হওয়া আরেকটি ছবি হলো জাপানি তরুণ পরিচালক আতসুশি ফুনাহাশির আন্ডার দ্য চেরি ট্রিজ ইন ফুল ব্লুম। প্রতিবছর এশিয়া থেকে চলচ্চিত্রকাররা তাঁদের সদ্য নির্মিত ছবি সম্পাদনা করে এশিয়ান সিনেমা ফান্ডের জন্য জমা দেওয়ার সুযোগ পান। সেখান থেকে নির্বাচন করা হয় তিনটি ছবি। পুরস্কারপ্রাপ্ত ছবিগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আগাম চিহ্নিত করা হয়। পুরস্কারের মূল্যমান প্রায় ৫০-৭০ হাজার ডলার। পুরস্কারের অংশ হিসেবে নির্বাচিত ছবিগুলোকে কোরিয়ার ডি আই ডলবি সাউন্ড এবং ফাইনাল প্রিন্টিংয়ের সুযোগ দেওয়া হয়। ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স এবং জার্মানির মোগাদর ফিল্ম প্রযোজিত টেলিভিশন ছবিটি এ বছরের শেষ নাগাদ মুক্তি পাবে বলে জানালেন ফারুকী। ছবিটির অডিও অ্যালবাম ঈদের সপ্তাহ দুয়েক পর বাজারে আসবে। টেলিভিশন ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, রুমী, শামীম শাহেদসহ আরও অনেকে।