এশিয়ান সিনেমা ফান্ড জিতল 'জালালের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জালালের গল্প’ ছবির দৃশ্য
‘জালালের গল্প’ ছবির দৃশ্য

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এশিয়ান সিনেমা ফান্ড (এসিএফ) জিতল তরুণ নির্মাতা আবু শাহেদ ইমনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবি ‘জালালের গল্প’। মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিটিকে বুসান উত্সব কর্তৃপক্ষ ২০১৪ সালের এশিয়ান সিনেমা ফান্ডের পোস্ট-প্রোডাকশন বিভাগে নির্বাচন করেছেন।
আবু শাহেদ ইমন জানিয়েছেন, এশিয়ার ৫২টি দেশের ৫৬৫টি আবেদন থেকে মোট ২৯টি প্রোজেক্টকে নির্বাচন করা হয়। এর মধ্যে ১৮টি এশিয়ান ও ১১টি কোরিয়ান প্রোজেক্ট। ‘জালালের গল্প’ পোস্ট-প্রোডাকশন বিভাগে নির্বাচিত হয়েছে।
পোস্ট-প্রোডাকশন ফান্ডে প্রতিবছর এশিয়া থেকে চলচ্চিত্র নির্মাতারা তাঁদের সদ্য নির্মিত ছবি সম্পাদনা করে এশিয়ান সিনেমা ফান্ডের জন্য জমা দেওয়ার সুযোগ পান। সেখান থেকে তিন-চারটি এশিয়ান ছবিকে নির্বাচন করা হয়। নির্বাচিত ছবিগুলো বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের জন্য গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আগাম চিহ্নিত করা হয়।
ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা প্রোজেক্টের ব্যানারে নির্মিত ‘জালালের গল্প’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকির আহমেদ, শর্মী মালা, নূরে-আলম নয়ন, মিতালি দাস, আরাফাত রহমান, মোহাম্মদ ইমনসহ আরও অনেকে।
http://www.biff.kr/artyboard/board.asp?act=bbs&subAct=view&bid=9611_05&list_style=list&seq=32560