এশিয়ান সিনেমা ফান্ড জিতল 'জালালের গল্প'

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড (এসিএফ) জিতল জালালের গল্প। ছবিটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন। বুসান উৎসব কর্তৃপক্ষ ২০১৪ সালের এশিয়ান সিনেমা ফান্ডের পোস্ট-প্রোডাকশন বিভাগে নির্বাচন করেছে। তিনি জানান, এশিয়ার ৫২টি দেশের ৫৬৫টি আবেদন থেকে মোট ২৯টি প্রজেক্টকে নির্বাচন করা হয়। এর মধ্যে ১৮টি এশিয়ান ও ১১টি কোরিয়ান প্রজেক্ট। জালালের গল্প পোস্ট-প্রোডাকশন বিভাগে নির্বাচিত হয়েছে।
পোস্ট-প্রোডাকশন ফান্ডে প্রতিবছর এশিয়া থেকে চলচ্চিত্র নির্মাতারা তাঁদের নির্মিত ছবি সম্পাদনা করে এশিয়ান সিনেমা ফান্ডের জন্য জমা দেওয়ার সুযোগ পান। সেখান থেকে তিন-চারটি এশিয়ান ছবিকে নির্বাচন করা হয়।
ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা প্রজেক্টের ব্যানারে নির্মিত জালালের গল্প ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদসহ আরও অনেকে।
উল্লেখ্য, শুরুর দিকে ছবিটির নাম ছিল জালালের পিতাগণ।