এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভের সমাপনী মাসের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নভেম্বর মাসের প্রদর্শনী দিয়ে শেষ হচ্ছে এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ। সমাপনী মাসে দেখানো হবে বাংলাদেশের ১০টি চলচ্চিত্র ও বিদেশি ছয়টি সিনেমা।
বাংলাদেশের ছবিগুলোর পাঁচটি কাহিনিচিত্র ও পাঁচটি প্রামাণ্যচিত্র। এ ছাড়া দেখানো হবে ভারত, পাকিস্তান, চীন ও জাপানের একটি করে ও ইরানের দুটি চলচ্চিত্র।
প্রতিদিন বিকেল চারটায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে সিনেমাগুলো দেখানো হবে। এ ছাড়া প্রতিটি প্রদর্শনীর আগে এবং পরে প্রদর্শিত চলচ্চিত্রগুলো নিয়ে আলোচনাও হবে।আগামীকাল ৪ নভেম্বর শুক্রবার দেখানো হবে বাংলাদেশি নির্মাতা মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ এবং জাপানের চলচ্চিত্রকার ইয়াসিজিরো ওজুর সিনেমা ‘টোকিও স্টোরি’।
৫ নভেম্বর শনিবার দেখানো হবে পাকিস্তানের শোয়েব মানসুরের ‘বোল’ ছবিটি।
১১ নভেম্বর শুক্রবার দেখানো হবে ইরানি চলচ্চিত্রকার জাফর পানাহির ‘দ্য সার্কেল’ এবং চীনের চলচ্চিত্রকার জিয়াং ওয়েনের চলচ্চিত্র ‘ডেভিল অন দ্য ডোর স্টেপ’। 

১২ নভেম্বর শনিবার দেখানো হবে ইরানের চলচ্চিত্রকার মাজিদ মাজিদির ‘বারান’।
১৮ নভেম্বর শুক্রবার দেখানো হবে ভারতীয় চলচ্চিত্রকার নন্দিতা দাশের ‘ফিরাক’ এবং বাংলাদেশের চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের ‘চিত্রা নদীর পারে’।
১৯ নভেম্বর শনিবার দেখানো হবে বাংলাদেশের চলচ্চিত্রকার বাদল রহমানের ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ এবং হারুনর রশিদের ‘মেঘের অনেক রং’।
২৫ নভেম্বর শুক্রবার দেখানো হবে বাংলাদেশের চলচ্চিত্রকার ইয়াসমিন কবিরের ‘পরবাসী মন আমার’, সাইফুল ওয়াদুদের ‘অপরাজেয় বাংলা’, মোল্লা সাগরের ‘সাইরেন’ ও পলাশ রসুলের ‘ঢাকা মেট্রো-চ’।
২৬ নভেম্বর শনিবার দেখানো হবে বাংলাদেশের চলচ্চিত্রকার প্রসূন রহমানের ‘ফেরা’। একই দিন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমা দিয়ে শেষ হবে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ ২০১৬ ’।

এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে ১৭ সপ্তাহের ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ’ আয়োজন করা হয়েছিল গত জুলাই মাসে। গত চার মাস ধরে চলা এই কর্মসূচি শেষ হচ্ছে ২৬ নভেম্বর। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মসূচিটি আয়োজন করেছে।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন বলেন, এরপর ডিসেম্বর মাস থেকে ইউরোপিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ শুরু করার পরিকল্পনা চলছে।