এশিয়ার শিল্পকলায় নান্দনিক ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে সড়কে ব্যানার, ফেস্টুন। তাতে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর সংবাদ। জাতীয় চিত্রশালা থেকে শুরু করে রাজধানীর প্রধান গ্যালারিগুলোতে প্রদর্শনীর আয়োজন। ১৯৮১ সাল থেকে দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। সেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ১৪তম প্রদর্শনী। পুরো এশিয়ার শিল্পীদের শিল্পসম্ভার নিয়ে ঢাকা এখন নান্দনিক। এই প্রদর্শনী ঘিরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌবিহারসহ নানা আয়োজন। সব মিলিয়ে শহরে উৎসবের আমেজ।সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশসহ ২৭টি দেশের তিন শ শিল্পকর্ম স্থান পাচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে: বাহরাইন, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, জর্ডান, কাজাখস্তান, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, পাকিস্তান, কোরিয়া, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান।উদ্বোধনী অনুষ্ঠানে তিনজন শিল্পীকে গ্র্যান্ড পুরস্কার ও ছয়জনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ওয়াহিদুজ্জামান, কোরিয়ার গিলও লি এবং জাপানের কহিও নওয়া। সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মিহির মশিউর রহমান, নীলুফার চমন, মাহবুবুর রহমান; কাতারের ইউসুফ আহমেদ আল হুমাইদ, তাসাদ্দুক হোসেন এবং ফিলিপাইনের জোয়াকুইন গাসগোনিয়া প্যালেন্সিয়া। প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।গতকাল সারা দিনই ছিল বৃষ্টিমুখর। আনুষ্ঠানিক উদ্বোধনের পরই বিরূপ আবহাওয়া উপেক্ষা করে জাতীয় চিত্রশালাসহ অন্যান্য গ্যালারিতে শিল্পী ও শিল্পানুরাগীরা এসেছিলেন শিল্পকর্ম দেখতে। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে প্রদর্শনী। এ ছাড়া জাতীয় জাদুঘর ও বেঙ্গল গ্যালারিতেও এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।জাতীয় চিত্রশালায় গিয়ে দেখা গেল শিল্পী ও শিল্পানুরাগীদের সমাগমে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন দেশের শিল্পীদের বৈচিত্র্যময় কাজের সমাবেশে প্রদর্শনী বর্ণাঢ্য। মানুষ, প্রকৃতি, সমকালীন ঘটনাপ্রবাহসহ বিভিন্ন বিষয় শিল্পীরা তাঁদের কাজে তুলে এনেছেন নিজ নিজ সৃজনী প্রতিভা ও অঙ্কনরীতির স্বাতন্ত্র্য। প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত।