এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ শুরু হচ্ছে এশিয়ার সব থেকে বড় আলোকচিত্র উৎসব ছবিমেলা। নবম এ আয়োজনে ‘অবস্থান্তর’ বিষয়বস্তুর ওপর দক্ষিণ ঢাকাজুড়ে প্রদর্শিত হবে ১৬ দেশের ২৭ জন শিল্পীর ৩১টি প্রদর্শনী। দুই সপ্তাহব্যাপী মেলায় থাকবে পাঁচটি কর্মশালা, পোর্টফোলিও রিভিউ, শিল্পীদের সঙ্গে সংলাপ, প্যানেল আলোচনা ও উপস্থাপনা।
আজ শুক্রবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ৬ ও ৭ ফেব্রুয়ারি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে দেশি-বিদেশি খ্যাতিমান আলোকচিত্রীদের উপস্থিতিতে থাকবে নিবন্ধনকৃত তরুণ আলোকচিত্রীদের পোর্টফোলিও রিভিউ। মেলা উপলক্ষে কর্মশালাগুলো পরিচালনা করবেন বোরিস এলডাগসেন, ডোনাল্ড ওয়েবার এবং ঋষি সিংঘল। মেলার মূল প্রদর্শনীস্থল শিল্পকলা একাডেমি এবং পুরান ঢাকার বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান। এ ছাড়া রিকশাভ্যানে করে ভ্রাম্যমাণ প্রদর্শনী ঘুরবে শহরজুড়ে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম এবং নাসির আলী মামুন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় এক সংবাদ সম্মেলনে ‘ছবিমেলা-৯’-এর নানা তথ্য তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন উৎসব পরিচালক শহিদুল আলম, ভারতের আলোকচিত্রী সুশান্ত মণ্ডল, বাংলাদেশের নাসির আলী মামুন, সাহরিয়া শারমিন, নাজমুন নাহার কেয়া এবং সরকার প্রতীক ও মেলার কিউরেটরেরা।